পুকুরে 'চুম্বক সীমানা স্তম্ভ' দেখতে লোকজনের ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগরে গতকাল বৃহস্পতিবার ‘চুম্বক সীমানা স্তম্ভ’ সদৃশ একটি বস্তু পাওয়া গেছে। উপজেলার বুইকরা গ্রামের একটি পুকুরে মাছ ধরার সময় জেলেদের জালে উঠে আসে বস্তুটি। খবর পেয়ে পুলিশ গিয়ে সেটি থানায় নিয়ে আসে।
থানার পুলিশ সূত্র জানায়, বস্তুটি সিমেন্ট, বালু ও সামান্য পরিমাণে চুম্বক দিয়ে তৈরি করা হয়েছে। প্রতারণা করে লোকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য এটি তৈরি করা হতে পারে।
পুকুরটির মালিক মাহাবুব হোসেন বলেন, জেলেরা গতকাল সকালে তাঁর পুকুরে মাছ ধরা শুরু করেন। একপর্যায়ে তাঁদের জালে জড়িয়ে উঠে আসে ক্ষেপণাস্ত্র আকৃতির একটি বস্তু। ঘটনা জানাজানি হলে শত শত কৌতূহলী মানুষ ওই পুকুর পাড়ে ভিড় করে। সঙ্গে সঙ্গে থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে সেটি থানায় নিয়ে যায়।
অভয়নগর থানার পুলিশ জানায়, ক্ষেপণাস্ত্রের মতো দেখতে বস্তুটির ওজন ১৮ কেজি ২৫০ গ্রাম, উচ্চতা ২৬ ইঞ্চি ও ব্যাস ২১ ইঞ্চি। বস্তুটির গায়ে ইংরেজিতে লেখা রয়েছে, BETICESTINDIA-1818।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, বস্তুটি চুম্বক সীমানা স্তম্ভের মতো দেখতে। প্রাথমিকভাবে মনে হয়েছে, এটি সিমেন্ট, বালু ও সামান্য চুম্বক দিয়ে তৈরি করা হয়েছে। কোনো প্রতারক চক্র টাকা হাতিয়ে নেওয়ার জন্য বস্তুটি তৈরি করেছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।