পুকুরের ওপর উঠছে পৌরসভার স্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া শহরের কাচারি পুকুরের একাংশের ওপর স্থাপনা নির্মাণ করছে পৌর কর্তৃপক্ষ। এ জন্য পুকুরপাড়ের শতবর্ষী একটি কৃষ্ণচূড়া ও তিনটি নারকেলগাছ পুরোপুরি এবং অপর একটি কৃষ্ণচূড়ার দুটি বড় ডাল কেটে ফেলা হয়েছে। এতে পুকুরটির অস্তিত্ব হুমকির মুখে পড়েছে বলে শহরের সচেতন বাসিন্দারা মনে করছেন।২৭ জুন সরেজমিনে দেখা যায়, পুকুরে সেচ দিয়ে পানি কমিয়ে ফেলা হয়েছে। এর উত্তর-পশ্চিম কোণে পৌর আধুনিক সুপার মার্কেট ঘেঁষে রড-সিমেন্টের সাতটি স্তম্ভ নির্মাণ করা হয়েছে। এখানেই গাড়ির রাখার স্থান (গ্যারেজ) ও একটি অতিথিশালা নির্মাণ করছে পৌর কর্তৃপক্ষ।শহরের প্রবীণ আইনজীবী হামিদুর রহমান বলেন, ‘পুকুরের ওপর গ্যারেজ নির্মাণ ও বৃক্ষ নিধন পৌর এলাকার প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন ২০০০-এর পরিপন্থী। এটা করা ঠিক হয়নি।’পৌরসভার সার্ভেয়ার কক্ষের তথ্যানুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া মৌজার ১৩৪৬ দাগের এই পুকুরটির মোট আয়তন ২০৬ শতাংশ। ১৯৯৭ সালে এর দক্ষিণ পাশে ৫৫ শতাংশ জায়গায় পৌর মুক্তমঞ্চ করা হয়। ১৯৯৯ সালে উত্তর পাশে ৩৯ শতাংশজুড়ে নির্মাণ করা হয় পৌর আধুনিক সুপার মার্কেট। বর্তমানে পুকুরটির আয়তন ১১২ শতাংশে এসে ঠেকেছে। বর্তমানে গ্যারেজ ও অতিথিশালার জন্য পুকুরটির আয়তন আরও কমবে।পৌরসভার উপসহকারী প্রকৌশলী সুমন দত্ত বলেন, ‘পৌরসভার পেছনের সুইপার কলোনির জায়গায় গ্যারেজ নির্মাণের জন্য ৩৫ লাখ টাকা বরাদ্দ হয়। কিন্তু সুইপারদের উচ্ছেদ করা যায়নি বলে পুকুরের একাংশে গ্যারেজ নির্মাণ করা হচ্ছে। ২০টি স্তম্ভের ওপর গ্যারেজ নির্মিত হবে। এর মধ্যে পুকুরে ১২টি স্তম্ভ স্থাপন করা হবে।’শহরের মৌলভীপাড়া এলাকার বাসিন্দা ও জেলা সচেতন নাগরিক কমিটির নির্বাহী সদস্য আলী আকবর মজুমদার বলেন, ‘পুকুরের সৌন্দর্যহানি করে স্থাপনা নির্মাণ করা ঠিক হচ্ছে না। পৌর কর্তৃপক্ষ এমন কাজ করলে শহরের ভবিষ্যৎ কী!’সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সভাপতি মুখলেছুর রহমান খান বলেন, ‘পৌরসভার জন্য গাড়ির গ্যারেজ দরকার। কিন্তু সামনের দিকে না করে এটা পেছনের দিকে করা যেত।’ পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের উপপরিচালকের দায়িত্বে থাকা সহকারী পরিচালক শওকত আরা বলেন, ‘কাচারি পুকুরে গ্যারেজ নির্মাণের বিষয়টি আমাদের জানানো হয়নি। আমরা খোঁজ নেব।’ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র হেলাল উদ্দিন বলেন, ‘পৌর পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী এখানে গ্যারেজ নির্মাণ করা হচ্ছে। গ্যারেজের কারণে পুকুরের কোনো ক্ষতি হবে না।’ গাছ কাটা প্রসঙ্গে তিনি বলেন, ‘গাছগুলো পুরোনো ও পোকা ধরে নষ্ট হয়ে গেছে। তাই কেটে ফেলা হয়েছে।’