পুকুরের দখল উচ্ছেদে অভিযান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর-পশ্চিম দিকের পুকুরটি গতকাল সোমবার দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। কিন্তু বিদ্যালয়ের বাকি জমিতে থাকা স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে কি না, তা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ভিন্ন ভিন্ন বক্তব্য দিচ্ছেন।

গত রোববার প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ‘জমি বেহাত হচ্ছেই, চলছে পুকুর দখল’ শিরোনামে খবর ছাপা হয়। পৌরসভা কার্যালয়ের সামনে ১৯১৬ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি সম্প্রতি জাতীয়করণ হয়েছে।

উচ্ছেদ অভিযান চলাকালে স্থানীয় সাংসদ নুরুন্নবী চৌধুরী উপস্থিত ছিলেন। তিনি ঘোষণা দেন, আগামী ১০ দিনের মধ্যে বিদ্যালয়ের জমি দখলকারী সবাইকে সরিয়ে দেওয়া হবে। তিনি এ সময় শ্রমিকদের গতকালের মধ্যেই পুকুর দখলমুক্ত করার নির্দেশ দেন।

সাংসদ বলেন, তিনি বিদ্যালয়ের সভাপতি থাকাকালেও স্থানীয় কয়েক ব্যক্তি বিদ্যালয়ের জমি ভোগদখল করেছেন। এমনকি বিদ্যালয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন। তখন ওই সব অবৈধ দখলকারীকে সরানোর জন্য তিনি বিপণিবিতান নির্মাণ করে দেন। এরই মধ্যে প্রধান শিক্ষক তাঁকে না জানিয়ে দুটি পুকুরসহ বেশ কিছু জমি ভাড়া দেন। বিদ্যালয়ের বর্তমান সভাপতি ইউএনও। তিনিই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন বলেন, নিয়ম মেনে কার্যবিবরণী করেবিদ্যালয়েরপুকুর ও জমি ভাড়া দেওয়া হয়েছে। তিনি তখন সাংসদকে বিষয়টি জানিয়েছেন। এর সব টাকাই সরকারি তহবিলে জমা রেখেছেন। আর সরকারি জমি সরকার ভাড়া না দিতে চাইলে ভাড়া দেবে না। ইউএনও ইচ্ছে করলে সবাইকে উচ্ছেদ করতে পারেন।

ইউএনও মো. শামছুল আরিফ বলেন, ‘বিদ্যালয়ের জমি যারা ভাড়া নিয়েছে ও দখল করে স্থাপনা তুলছে, সেসব ভাড়াটের তালিকা করতে বলেছি। সাংসদের নির্দেশমতো তাঁদের উচ্ছেদ করা হবে।’

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রাণ গোপাল দে বলেন, বেসরকারি থাকাকালে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি এ জমি ও পুকুর ভাড়া দেয়। সাংসদ যেটুকু উচ্ছেদের দরকার সেটুকু করেছেন। সব ভাড়াটেকে উচ্ছেদ করা হবে কি না, জানতে চাইলে কর্মকর্তা বলেন, ‘মন্ত্রণালয় জানে, আমি জানি না।’