পুকুরের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১
বগুড়ার শেরপুর উপজেলায় বাগড়া দিঘি নামের একটি পুকুরের দখল নিয়ে গতকাল বুধবার দুই পক্ষের সংঘর্ষে ভূমিহীন সমবায় সমিতির সহসভাপতি জহুরুল মণ্ডল (৩৫) নিহত এবং অপর ১২ জন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুকুরটি দীর্ঘদিন ধরে ভূমিহীন সমবায় সমিতির সদস্যরা ভোগদখল করে আসছেন। কিন্তু স্থানীয় শিক্ষক রইছ উদ্দিন সম্প্রতি এই পুকুর বরেন্দ্রনাথ সান্যালের কাছ থেকে ইজারা নিয়েছেন বলে দাবি করেন। গতকাল সকাল আটটার দিকে সমিতির লোকজন মাছের খাদ্য দিতে পুকুরে গেলে রইছের লোকজন বাধা দেয়। এ নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ১৩ জন আহত হয়। হামলায় আহত বাগড়া দিঘির পাড় ভূমিহীন সমবায় সমিতির সহসভাপতি জহুরুল মণ্ডলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বেলা চারটায় তিনি মারা যান। অন্যদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।সমিতির সভাপতি রফিকুল ইসলাম, আবদুর রহিম, আবদুস সাত্তার (২৫) ও শফিকুল ইসলাম, মো. পল্টুকে হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দিকে রইছ উদ্দিনের সমর্থক মো. বাবু, শাহীনকে বগুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।সমিতির সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘রইছ উদ্দিন দীর্ঘদিন ধরে এই পুকুর দখলের চেষ্টা করে আসছিলেন। গত ৬ মে দুপুর ১২টায় সমিতির ৪৫১ জন সদস্যের মধ্যে সঞ্চয়ের টাকা বিতরণের সময় তিনি দলবল নিয়ে সদস্যদের আড়াই লাখ টাকা লুট করে নিয়ে যান। এ ঘটনায় আমি বাদী হয়ে থানায় মামলা করেছি। আবার নতুন করে গতকাল রইছ উদ্দিন তাঁর সন্ত্রাসীদের দিয়ে ভূমিহীনদের ওপর হামলা চালান।’উপজেলার উলিপুর ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক রইছ বলেন, ‘সংঘর্ষের সময় আমি সেখানে ছিলাম না।’