পুকুরের ভাঙনে হুমকিতে বিদ্যালয় ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ দিন সংস্কার ও রক্ষণাবেক্ষণ না করায় রাজবাড়ী জেলা শহরের স্টেডিয়ামসংলগ্ন পুকুরের পাড় ভেঙে যাচ্ছে। এতে ১০টি পরিবারের বসতঘর, একটি বিদ্যালয়ের ভবন ও স্টেডিয়ামের দেয়াল পুকুরে ধসে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে পুকুরপাড়ের একটি ভবনের দেয়ালে ফাটলের সৃষ্টি হয়েছে।সরেজমিনে দেখা গেছে, পুকুরের উত্তর পাশে স্টেডিয়ামের একটি বড় প্রাচীর ও রাজবাড়ী শহীদ সঞ্চৃতি স্টেডিয়াম সরকারি প্রাথমিক বিদ্যালয়। পশ্চিম ও দক্ষিণ পাশে ১০টি পরিবারের বসতঘর এবং পূর্ব পাশে পাকা রাস্তা। রক্ষণাবেক্ষণ না করায় কয়েক বছর ধরে পুকুরটির চারপাশের পাড় ভাঙছে। ভাঙন অব্যাহত থাকায় কয়েকটি পরিবারের বাড়ির উঠানের একাংশ, নারিকেল, সুপারি, ইপিলইপিল গাছ পুকুরে ধসে পড়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, সরকারি এ পুকুরটির দৈর্ঘ্য ২০০ মিটার এবং প্রস্থ ৬০ মিটার। এ পুকুরটি দেখভালের দায়িত্ব জেলা ক্রীড়া সংস্থার। প্রতিষ্ঠানটি ভাঙন অব্যাহত থাকলেও তা প্রতিরোধে ব্যবস্থা নিচ্ছে না।পুকুরপাড়ের বাসিন্দা মো. শামসুল হক জানান, ‘পুকুরপাড় অব্যাহত ভাঙনের ফলে আমাদের বসতঘর হুমকির মুখে পড়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে সবাই ক্ষতিগ্রস্ত হবে। সরকারের সংশ্লিষ্ট বিভাগের আর্থিক অনুদান ছাড়া ব্যক্তিগতভাবে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে না।’ পুকুরপাড়ের অপর বাসিন্দা সবিতাচন্দ্র গুহ জানান, ‘১৯৯৩ সাল থেকে বাড়ি তৈরি করে এখানে বাস করছি। ভাঙনের কারণে আমাদের বাড়ির উঠানের নারিকেল, আম, সুপারিগাছ পুকুরে ধসে পড়েছে। একই কারণে আমার বাড়ির একটি ভবনের দেয়ালে ফাটল সৃষ্টি হয়েছে।’শহীদ সঞ্চৃতি স্টেডিয়াম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সালমা সুলতানা জানান, পুকুরের পাড় ভেঙে যাওয়ায় তাঁদের বিদ্যালয়ের ভবনটি হুমকির মুখে পড়েছে। ইতিমধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডির) লোকজন এসে তা দেখে গেছে। তবে তাঁরা কাজ কবে শুরু করবে তা তিনি জানেন না।জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক সৈয়দা সাহানা বারী জানান, তিনি পুকুরেরপাড় বাঁধাই করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন।