পুকুরের ভাঙনে হুমকির মুখে চরকাই রেঞ্জ
দিনাজপুরের বিরামপুর পৌর শহরের শালবাগান চরকাই রেঞ্জ কার্যালয়-সংলগ্ন পুকুরপাড় অব্যাহত ভাঙনে রেঞ্জ এলাকার আবাসিক ভবন, রাস্তা ও গাছপালা হুমকির মুখে পড়েছে। তিন বছর ধরে পৌর মেয়রকে পুকুরটি সংরক্ষণে বারবার অনুরোধ করা হলেও কোনো ব্যবস্থা না নেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে রেঞ্জ কর্মকর্তা অভিযোগ করেছেন।
উপজেলা ও রেঞ্জ কার্যালয় সূত্র জানায়, ২০১০ সালের জুলাইয়ে উপজেলা মাসিক সভায় পুকুরের চারপাশে বাঁধ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য প্রকল্প গ্রহণে পৌর মেয়রকে অনুরোধও করা হয়। ২০১২ সালের জানুয়ারি ও চলতি বছরের আগস্ট মাসের উপজেলা সভায় আবারও পাড়টি সংরক্ষণে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে পৌর মেয়রকে অনুরোধ করা হয়। কিন্তু আজ পর্যন্ত এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
পৌর মেয়র আজাদুল ইসলাম জানান, পুকুরটি সংরক্ষণে আট থেকে ১০ লাখ টাকা লাগবে। পৌরসভার পক্ষে একবারে এত টাকা জোগান দেওয়া সম্ভব নয়। তাই সময় লাগছে। আগামী ডিসেম্বরে এ ব্যাপারে উদ্যোগ নেবেন বলে জানান তিনি।
সরেজমিনে গত বৃহস্পতিবার রেঞ্জ এলাকায় দেখা গেছে, পুকুরের চারপাশে ভাঙনের চিহ্ন। উত্তর দিকের ভাঙনে কার্যালয়ে যাওয়ার রাস্তা ও কয়েকটি গাছ ধসে পড়ছে। পূর্ব পাশের ভাঙনে একটি আবাসিক ভবনের রান্নাঘর ধসে পড়েছে। রেঞ্জ কার্যালয়, বিশ্রামাগার ও আবাসিক ভবনের পাঁচ হাতের মধ্যে ভাঙন চলে এসেছে।
রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার জানান, পুকুরে বাণিজ্যিকভাবে মাছ চাষ করা হয়। তাই এখানকার পানিতে মেশানো হয় বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য। এতে পাড়ের চারপাশের মাটির আর্দ্রতা নষ্ট হয়ে দ্রুত ধসে পড়ছে। গত ১০ বছরে পুকুরে রেঞ্জের অর্ধেক জমি ও শতাধিক মূল্যবান শালগাছ বিলীন হয়েছে বলে রেঞ্জ কর্মকর্তা জানান।
রেঞ্জ কর্মকর্তা আরও জানান, রেঞ্জটি ১৯৫৭ সালে স্থাপিত হলেও আজ পর্যন্ত এর কার্যালয় স্থাপিত হয়নি। বিট কর্মকর্তার কার্যালয়েই কাজ চলে। এ বছর রেঞ্জ কার্যালয় নির্মাণে বরাদ্দ পাওয়া গেছে। কিন্তু পাড় সংরক্ষণ না করায় রেঞ্জ কার্যালয় নির্মাণ সম্ভব নয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোখছানা বেগমও মাসিক সভায় পুকুরপাড়টি সংরক্ষণে ব্যবস্থা নিতে পৌর মেয়রকে বারবার অনুরোধ করা হয়েছে বলে জানান। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া দরকার বলে মত প্রকাশ করেন তিনি।