পুকুরের ভাঙনের মুখে গুচ্ছগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুকুরের ভাঙনে ঝুঁকির মুখে পড়েছে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের হাঁসারপাড়া গুচ্ছগ্রাম। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
পুকুরের ভাঙনে ঝুঁকির মুখে পড়েছে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের হাঁসারপাড়া গুচ্ছগ্রাম। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পুকুরের ভাঙনের মুখে পড়েছে হাঁসারপাড়া গুচ্ছগ্রাম। বাসিন্দারা আশঙ্কা করছেন, শিগগির প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে পুরো গ্রামটি পুকুরে বিলীন হয়ে যাবে।
গত বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে হাঁসারপাড়া গুচ্ছগ্রামে দেখা গেছে, ২০ একরের পুকুরের চারদিকে ৩০টি ঘর রয়েছে। পাড় ভাঙতে ভাঙতে বেশির ভাগ ঘরের বারান্দার এক থেকে দুই হাতের মধ্যে চলে এসেছে। পানিতে ধসে পড়েছে বড় বড় গাছ।
হাঁসারপাড়া গুচ্ছগ্রাম প্রকল্প সমিতির সভাপতি সেকেন্দার আলী প্রথম আলোকে বলেন, গুচ্ছগ্রামটি তৈরির শুরুর দিকে পুকুরের পাড় প্রতিটি বাড়ি থেকে আট থেকে দশ হাত দূরে ছিল। কিন্তু গত বছর থেকে পুকুরের পাড়ের ব্যাপক ভাঙন শুরু হয়। এখন ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে।
গুচ্ছগ্রামের বাসিন্দা আরিফুল ইসলাম ও রতন মিয়া বলেন, ৩০টি শিশুসহ প্রায় ৯০ জন এই গুচ্ছগ্রামে বসবাস করেন।
দাউদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আ. হালিম সরকার বলেন, পুকুরের ভাঙন ঠেকাতে দ্রুত প্রকল্প হাতে নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে অনুরোধ করেছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মনিরুজ্জামান সরকার বলেন, তিনি গুচ্ছগ্রামটি পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ইতিমধ্যে গুচ্ছগ্রামটি পরিদর্শন করেছে। তিনি আশা করেন, আগামী বর্ষার আগেই পুকুরের ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।