পুঞ্জি স্থানান্তরের সিদ্ধান্তকে একতরফা বলছে খাসিয়ারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের সম্পদ রক্ষায় বনের ভেতরে বাসকারী দুটি খাসিয়া পুঞ্জি স্থানান্তরে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে বন বিভাগ। পুঞ্জির লোকদের সঙ্গে কথা না বলে একতরফাভাবে এ প্রস্তাব পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছেন খাসিয়ারা।

বন বিভাগের বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্র জানায়, লাউয়াছড়া জাতীয় উদ্যানের লাউয়াছড়া ও মাগুরছড়ায় দুটি খাসিয়া পুঞ্জি রয়েছে। তাঁরা মূলত পান চাষের পাশাপাশি কিছু লেবু চাষ করে থাকেন। সম্প্রতি পান চাষের পরিধি বাড়ানোর জন্য বনের গাছের ডালপালাসহ ঝোপজঙ্গল পরিষ্কার করার কারণে বন্য প্রাণীর জীবন বিপন্নসহ প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হচ্ছে।

বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় কর্মকর্তা মিহির কুমার দো বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবীর বিন আনোয়ারের সভাপতিত্বে উচ্চপর্যায়ের এক বৈঠকে লাউয়াছড়ার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে বনের কেন্দ্রে থাকা লাউয়াছড়া ও মাগুরছড়া পুঞ্জি স্থানান্তরের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে বলা হয়েছে, পুনর্বাসনে যা অর্থের প্রয়োজন, সব দেওয়া হবে। পুঞ্জি দুটি বনের পাশে কালাছড়া ও চাউতলীতে স্থাপনের চিন্তা করা হচ্ছে। গত অক্টোবরে লাউয়াছড়ায় অনুষ্ঠিত সহব্যবস্থাপনা কমিটির বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

মাগুরছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান (মন্ত্রী) জিডিশন প্রধান সুচিয়াং বলেন, ‘আমরা আদিকাল থেকে এখানে বাস করে পান চাষ করে জীবিকা নির্বাহের পাশাপাশি পান রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করছি। এ বন সৃষ্টি ও সুরক্ষার পেছনেও আমাদের অবদান অনেক। বনদস্যুরা অসাধু বনকর্মীদের সহায়তায় উদ্যানের মূল্যবান গাছগাছালি কেটে নিচ্ছে। আমরা পাহারা দিয়ে পুঞ্জি এলাকার গাছগাছালি রক্ষা করছি। অথচ বন বিভাগ একতরফাভাবে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়ে পুঞ্জি উচ্ছেদের চিন্তা করছে। এর পেছনে পুঞ্জি এলাকার সম্পদ ধ্বংসের পাঁয়তারা রয়েছে। এ বিষয়ে আমরা এখনো কিছু জানি না।’