পুটখালী সীমান্তে আড়াই কেজি সোনাসহ যুবক আটক
যশোরের শার্শা উপজেলার পুটখালী সীমান্ত থেকে এক কোটি ৪০ লাখ টাকা মূল্যের ২০টি সোনার বারসহ শাহ আলম নামে এক যুবককে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার রাত নয়টার দিকে ২৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদস্যরা এ সোনা উদ্ধার করেন। উদ্ধার হওয়া সোনার ওজন আড়াই কেজি।
আটক যুবক হলেন শার্শা উপজেলার খলসি গ্রামের ইয়ানুর আলীর ছেলে। এ ব্যাপারে বেনাপোল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিজিবি সূত্রে জানা গেছে, বাইসাইকেল চালিয়ে ওই যুবক পুটখালী সীমান্তের দিকে যাওয়ার পথে বটতলা এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা বিজিবির সদস্যরা তাঁকে আটক করে। পরে তাঁর কোমরে বাঁধা ব্যাগ থেকে ওই সোনা উদ্ধার করা হয়।
২৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান বলেন, ভারতে পাচারের জন্যে ওই সোনা সীমান্তের দিকে নেওয়া হচ্ছিল। উদ্ধার হওয়ার সোনার ওজন আড়াই কেজি। এর মূল্য এক কোটি ৪০ লাখ টাকা।
বিজিবি সূত্র জানায়, ওই সোনার মালিক পুটখালী এলাকার এক চোরাকারবারি। তাঁকে আটকের চেষ্টা চালানো হচ্ছে।