পুটিমারী বিলে কৃষকের কান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষিজমি অধিগ্রহণের প্রতিবাদে রাস্তায় নেমেছেন কিষান-কিষানিরা। গত বৃহস্পতিবার বটিয়াঘাটার মাথাভাঙ্গা এলাকায় পুটিমারী সড়কে মানববন্ধন করেন তাঁরা l ছবি: প্রথম আলো
কৃষিজমি অধিগ্রহণের প্রতিবাদে রাস্তায় নেমেছেন কিষান-কিষানিরা। গত বৃহস্পতিবার বটিয়াঘাটার মাথাভাঙ্গা এলাকায় পুটিমারী সড়কে মানববন্ধন করেন তাঁরা l ছবি: প্রথম আলো

ফাল্গুনের হঠাৎ বৃষ্টিতে মটরশুঁটিগাছগুলো মাটির সঙ্গে নুইয়ে পড়েছে। দুই হাতে পরম মমতায় গাছগুলো তুলে দিচ্ছিলেন দেবেন রায়। ৭০ বছর বয়সী এই কৃষক বিষণ্ন আর হতাশ মুখে বললেন, ‘বর্ষায় ফসলের ক্ষতি মাঝেমধ্যিই হয়, তা পুষয়েও যায়। কিন্তু এই সোনার জমিতে আর কদিন ফসল ফলাতি পারব, তা নিয়েই চিন্তায় আছি।’
দেবেন রায়ের সঙ্গে কথা হচ্ছিল খুলনার বটিয়াঘাটা উপজেলার মাথাভাঙ্গা এলাকায় পুটিমারী বিলে বসে। পাশেই সবজির পরিচর্যা করছিলেন কৃষক ফরহাদ শেখ। পরনে ময়লা লুঙ্গি, গায়ে গেঞ্জি। সেই গেঞ্জির রং চটে ফ্যাকাশে হয়ে গেছে। কিন্তু তার চেয়েও ফ্যাকাশে মুখ নিয়ে ফরহাদ বললেন, ‘ছয় বিঘা জমি বর্গা করে খাই। পাঁচ ফসলি এই জমিতে সিটি করপোরেশন ময়লা ফেলার জন্যি নাকি নিয়ে নেচ্ছে। আমরা তো মরি যাব। বউ-বাচ্চা নিয়ে বাঁচব কী করে?’
গত বৃহস্পতিবার ওই এলাকায় গিয়ে দেখা গেল, সদ্য আমন ধান কাটা ওই বিলে এখন ডাল আর নানা সবজির চাষ। সবুজ খেতের মধ্যে দেবেন ও ফরহাদের মতো মুখে মলিনতা ছড়িয়ে পড়েছে অন্য কৃষকদেরও।
গত মঙ্গলবার খুলনা সিটি করপোরেশন এই জমিতে মাটি কাটার জন্য এক্সকাভেটর মেশিন নিয়ে যায়। সেখানে সীমানা নির্ধারণ করে খুঁটি পুঁতে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে। সেই থেকে ঘুম নেই কৃষকদের।
আধুনিক উপায়ে খুলনা নগরের ময়লা-আবর্জনা ব্যবস্থাপনার জন্য ‘স্যানিটারি ল্যান্ড ফিল্ড’ প্রকল্প গ্রহণ করেছে সিটি করপোরেশন। প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের লক্ষ্যে বটিয়াঘাটার মাথাভাঙ্গা মৌজায় পুটিমারি বিলে ২৪ দশমিক ৭ একর জমি চিহ্নিত করা হয়। ২০১৩ সালে জমির দাম বাবদ ১৩ কোটি ৮০ লাখ জেলা প্রশাসনকে দেওয়া হয়। ওই বছরই আনুষ্ঠানিকভাবে জমি বুঝিয়ে দেয় জেলা প্রশাসন।
খুলনা সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, ১৫০ কোটি টাকার এই প্রকল্প এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে হচ্ছে। আন্তর্জাতিকভাবে দরপত্র আহ্বান করা হয়েছে। কেউ এখন পর্যন্ত সাড়া না দেওয়ায় কাজ থেমে আছে। দরপত্র হয়ে গেলে কাজ শুরু হবে।
বৃহস্পতিবার দুপুরে এই জমি অধিগ্রহণের প্রতিবাদে জমির মালিক ও কৃষকেরা মাথাভাঙ্গা এলাকায় রাস্তার পাশে মানববন্ধন করেন। তাঁদের হাতে ছিল জান দেব, মান দেব, জমি দেব না/ কৃষিজমিতে ময়লা ফেলতে দেব না ইত্যাদি লেখা-সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার।

অধিগ্রহণ করা এলাকায় নিজের জমি দেখাচ্ছেন কৃষক দেবেন রায় l ছবি: প্রথম আলো
অধিগ্রহণ করা এলাকায় নিজের জমি দেখাচ্ছেন কৃষক দেবেন রায় l ছবি: প্রথম আলো

সাংবাদিক পরিচয় জানার পর পুটিমারী বিলের কৃষক ও জমির মালিক তাপস রায়, উৎসব রায়সহ অনেকে বলেন, ‘আপনারা একটু ভালো করে লেখেন। এই জমি চলে গেলে আমরা না খেয়ে মরব। আমাদের দাবি, এই এলাকায় অনেক খাসজমি আছে। কেসিসি (সিটি করপোরেশন) সেখানে এই প্রকল্প করুক। ফসলি জমিতে কেন?’
জমির মালিক মো. মাসুম ও অঞ্জলি কবিরাজ জানান, পুটিমারী বিল হচ্ছে বটিয়াঘাটার সবচেয়ে উর্বর কৃষিজমি। এখানে দুই মৌসুমে আমন, আউশ ধানসহ তিন ধরনের ডাল ও নানা সবজির চাষ হয়। ২০১১ সালে সিটি করপোরেশনের লোকজন জমি দেখতে এলে তাঁরা আন্দোলন শুরু করেন। পাশের খাসজমি রেখে তিন ফসলি জমি অধিগ্রহণের বিরুদ্ধে সেই আন্দোলনের একপর্যায়ে সিটি করপোরেশন পিছু হটে যায়। থেমে যায় জমি অধিগ্রহণ-প্রক্রিয়া।
মাসুম ও অঞ্জলি বলেন, কিন্তু সপ্তাহ খানেক আগে হঠাৎ সিটি করপোরেশনের লোকজন এক্সকাভেটর মেশিন নিয়ে মাটি কাটতে আসেন। কৃষকেরাও আবার শুরু করেছেন আন্দোলন।
ফসলি জমির অন্যতম মালিক আবুল হোসেন আকুঞ্জী ও রণজিৎ কবিরাজের অভিযোগ, জমি অধিগ্রহণের নামে খুলনা জেলা প্রশাসন ছলচাতুরীর আশ্রয় নিয়েছে। জেলা প্রশাসন থেকে কৃষকদের কৃষিজমি পতিত জমি হিসেবে দেখানো হয়েছে। অথচ এই জমি তিন ফসলি। তাঁরা বলেন, ‘তিন ধারার নোটিশের পর আমাদের সঙ্গে আর কোনো যোগাযোগ করা হয়নি। আমাদের কেউ কোনো টাকা নেয়নি। অথচ জেলা প্রশাসন থেকে জমি অধিগ্রহণের মালিকানা বুঝিয়ে দেওয়া হয়েছে, যা প্রতারণা ছাড়া আর কিছুই নয়।’
এ বিষয়ে জেলা প্রশাসনের অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা বিজয় কুমার সিংহ বলেন, ‘কৃষিজমি নিয়ে ২০১১-১২ সালে মামলা হয়েছিল। মামলায় আমরা জয়ী হলে অধিগ্রহণকাজ সম্পন্ন করে ২০১৩ সালে জমি কেসিসিকে বুঝিয়ে দেওয়া হয়।’ তবে তিনি স্বীকার করেন, জমির মালিকদের মধ্যে মাত্র একজন টাকা নিয়েছেন। বাকিরা কেউ টাকা নেননি।
জানতে চাইলে সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আনিসুর রহমান বিশ্বাস বলেন, ‘ফসলি জমিতে আমরা কিছু করতে চাই না, কিন্তু শহরের আধুনিকায়নের জন্য যে জমি দরকার, সেটাও তো দরকার।’ তিনি আরও বলেন, পুটিমারী বিলের জমির মালিক ও বর্গা কৃষকেরা তাঁর কাছে এসেছিলেন। প্রকল্পের কাজ শুরুর আগ পর্যন্ত তাঁরা সেখানে চাষাবাদ করতে পারবেন বলে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ওই স্থান থেকে প্রকল্প সরানো সম্ভব নয়।
যোগাযোগ করলে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) খুলনার বিভাগীয় সমন্বয়ক মাহফুজুর রহমান বলেন, ‘কৃষিজমি রক্ষায় সরকার খুব কঠোর। সিটি করপোরেশন ২৪ দশমিক ৭ একর জমি অধিগ্রহণ করে স্যানিটারি ল্যান্ড ফিল্ড প্রকল্প বাস্তবায়ন করছে। আমরা তাদের বিষয়টি বিবেচনা করে দেখতে বলেছি। শিগগিরই আমরা এ বিষয়ে আদালতের শরণাপন্ন হব।’
জেলা প্রশাসক নাজমুল আহসান বলেন, ‘আমি নতুন যোগদান করায় বিষয়টি নিয়ে আমি অবগত নই। তবে বিষয়টি পরীক্ষা করে দেখব।’