পুঠিয়া আ.লীগের কমিটিতে নেতাদের আত্মীয়স্বজন
রাজশাহীর পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের কমিটিতে অনিয়মতান্ত্রিকভাবে স্থানীয় নেতাদের স্ত্রী ও আত্মীয়স্বজনেরা পদ পেলেও ত্যাগী নেতা-কর্মীদের রাখা হয়নি। উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রোস্তম আলী এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে লিখিত অভিযোগ করেছেন।অভিযোগে বলা হয়েছে, গত ২৭ ফেব্রুয়ারি ত্রিবার্ষিক সম্মেলনে পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে পুঠিয়া-দুর্গাপুর আসনের সাংসদ আবদুল ওয়াদুদ ও সাধারণ সম্পাদক হিসেবে আবদুল মালেক নির্বাচিত হন। ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা থাকলেও চার মাস পর তা পূর্ণাঙ্গ হয়। কমিটি গঠনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও কাউন্সিলরদের মতামত নেওয়া হয়নি। কমিটির প্রথম পরিচিতি সভায় বেলপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ বিষয়ে অভিযোগ করেন।কমিটিতে সভাপতি আবদুল ওয়াদুদের চাচাতো ভাই শেখ মোক্তাদির শরীফ সহসভাপতি, চাচা আলিমুজ্জামান ও স্ত্রী মনোয়ারা বেগম সদস্য, আত্মীয় শেখ মুক্তাদের জিন্নাহ ধর্মবিষয়ক সম্পাদক, ওয়াজেদ আলীকে যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক করা হয়। এদিকে সাধারণ সম্পাদক আবদুল মালেকের স্ত্রী মাহমুদা খাতুনকে সদস্য ও কমিটির ১ নম্বর সদস্য মনিরুল ইসলামের স্ত্রী কামরুন্নাহারকে মহিলাবিষয়ক সম্পাদক করা হয়। অপর সদস্য বদিউজ্জামানের ছেলে আসাদুজ্জামান মাসুদকে ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক করা হয়। কমিটিতে পুঠিয়ার প্রয়াত নেতা শফিকুল ইসলামের ছেলে, ভাই, আত্মীয়সহ ছয়জন স্থান পান।অভিযোগে আরও বলা হয়েছে, সাধারণ সদস্যদের মধ্যে দুজন আইনজীবী থাকা সত্ত্বেও একজন বিতর্কিত ব্যক্তিকে আইনবিষয়ক সম্পাদক করা হয়েছে। এ ছাড়া একাত্তরের শান্তি কমিটির এক সদস্যের ছেলেকে সহসভাপতি বানানো হয়েছে। ওয়ার্ড কমিটি গঠনেও ত্যাগী নেতা-কর্মীদের বাদ দেওয়া হয়েছে। ওয়ার্ড কমিটিতে একজন রাজাকারকেও সভাপতি নির্বাচন করা হয়েছে।রোস্তম আলী বলেন, সাংসদের ভাই মোক্তাদির শরীফ জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সাংসদের স্ত্রীকে কোনো দিন রাজনীতির মাঠে দেখা যায়নি। দুজন আত্মীয়কে পদ দেওয়া হলেও তাঁরা রাজনীতিতে সক্রিয় ছিলেন না।এ ব্যাপারে আবদুল ওয়াদুদ বলেন, নিয়মতান্ত্রিক উপায়েই কমিটি গঠন করা হয়েছে। এতে সাবেক সাধারণ সম্পাদক বা অন্য কারও কিছু বলার নেই।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী বলেন, তিনি এ ব্যাপারে অভিযোগ পেয়েছেন। কিন্তু জেলা কমিটির কোনো সভা না হওয়ায় এ ব্যাপারে সিদ্ধান্ত হয়নি।