পুঠিয়া রাজবাড়ি থেকে শ্যেনদৃষ্টি সরেনি তাঁর
হাইকোর্টের রায় গোপন করে সেই খলিলুর রহমান এবার পুঠিয়া রাজবাড়ির দাবিতে রাজশাহীর অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ বিশেষ আদালতে (ট্রাইব্যুনাল) আবেদন করেছেন। প্রাথমিক শুনানিতে বিশেষ আদালত তাঁর আবেদন গ্রহণ করেছেন। সেই সঙ্গে প্রতিপক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, গত ৬ আগস্ট খলিলুর রহমান আদালতে আবেদন করেন। এতে হাইকোর্ট বিভাগে তাঁর রিট খারিজ হওয়ার বিষয়টি সম্পূর্ণ গোপন করা হয়েছে। ৩ সেপ্টেম্বর প্রাথমিক শুনানি শেষে আদালত প্রতিপক্ষকে নোটিশ জারির নির্দেশ দেন। আগামী ১৪ অক্টোবর নোটিশ ফেরতের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে। খলিলের দাবি অনুযায়ী, ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের দিন এক বিনিময় দলিলের মাধ্যমে ভারতের মুর্শিদাবাদ জেলার হুররিপাড়ায় তাঁর ১১৯ একর জমির বিনিময়ে পুঠিয়া রাজ এস্টেটের ৩৬ দশমিক ৩ একর জমির বিনিময় করা হয়। ১৯৭৫ সালের ২ অক্টোবর তৎকালীন রাজশাহী জেলা প্রশাসক বিনিময় দলিলের কারণে পুঠিয়া রাজবাড়ির সম্পত্তি খলিলের নামে রেজিস্ট্রি করে দেন। জালিয়াতির আশ্রয় নিয়ে খলিল এ কাজ করেছেন—বিষয়টি ফাঁস হয়ে গেলে ১৯৭৬ সালের ২০ জুন তৎকালীন জেলা প্রশাসক ওই বিনিময় দলিল বাতিল করেন। এরপর খলিল হাইকোর্টে রিট আবেদন করে রাজবাড়ির দখল নিয়ে এর অন্দরমহলে কিছুদিন বাস করেন। ১৯৮৩ সালে সামরিক শাসনামলে প্রাচীন ঐতিহ্য ও পুরাকীর্তি সংরক্ষণের জন্য ৩ নম্বর সামরিক রেগুলেশন (এমএলও-৩-১৯৮৩) মূলে ওই সম্পত্তির সব রায় ও কাগজপত্র বাতিল করা হয়। এর মাধ্যমে রাজ এস্টেটের সব সম্পত্তি থেকে তাঁকে উচ্ছেদ করে সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হয়। গত বছরের ২৬ আগস্ট হাইকোর্ট এরশাদের শাসনকালকে অবৈধ ঘোষণা করলে খলিল আবার হাইকোর্টে রিট করেন। গত ৯ জানুয়ারি আদালত রিটটি খারিজ করে দেন। আদালতের আদেশে বলা হয়, পুঠিয়া রাজ এস্টেটের ৩৬ একর জমির মালিকানা নিয়ে খলিলের দায়ের করা রিট পিটিশন খারিজ করা হলো এবং পুঠিয়া রাজবাড়ি, মন্দির, দিঘি ও অন্যান্য স্থাপনার প্রত্নতাত্বিক ও ঐতিহাসিক মূল্য বিবেচনা করে এ বিষয়ে সরকার পক্ষকে যে রুলনিশি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার করা হয়েছে। গত ১১ জানুয়ারি খলিল ভূমি মন্ত্রণালয়ে একই দাবিতে আবেদন করেন। সেখানে কোনো সাড়া না পেয়ে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ বিশেষ আদালতে আবেদন করেন। কিন্তু খলিল গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘ওই সম্পত্তি এখন আর আমার নেই। হিন্দুর সম্পত্তি হিন্দুর হয়ে গেছে। আমি কোনো অভিযোগ করিনি।’ খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৩৩ সালে ভারতের মুর্শিদাবাদ জেলার হুগলি থানার (বর্তমান রানীনগর থানার) ঝাড়ুপাড়া গ্রামে খলিলুর রহমান জন্মগ্রহণ করেন। পরে বাবা সামসুদ্দিনের সঙ্গে রাজশাহী গোদাগাড়ী উপজেলার দেউপাড়া ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামে এসে বসবাস শুরু করেন। সেখানে প্রায় ২৫ বছর থাকার পর খলিল রাজশাহী নগরের হড়গ্রাম মহল্লায় এসে বসত গড়েন। জমিদারি প্রথা বিলোপের পর ১৯৫০ সালে প্রজাস্বত্ব আইন পাস হলে সরকারের এসএ অ্যাক্ট এস্টেটের সহকারী তহশিলদার হিসেবে পুঠিয়ায় চাকরি শুরু করেন তিনি। চাকরির সুবাদে তাঁর নখদর্পণে চলে আসে রাজ এস্টেটের সব সম্পত্তি। এ নিয়ে গত ৩১ জানুয়ারি ‘রাজবাড়ি নিয়ে বাড়াবাড়ি’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।