একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে রাজশাহীর পুঠিয়ায় আবদুস সামাদ ওরফে মুসা রাজাকারের বিরুদ্ধে তদন্ত করছে মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা। তদন্ত কর্মকর্তারা গতকাল সোমবার উপজেলার পাঁচটি গ্রামে গিয়ে ঘটনার প্রত্যক্ষদর্শী লোকজনের সঙ্গে কথা বলেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় তদন্ত কর্মকর্তা মো. ফারুক হোসেন, সহকারী তদন্ত কর্মকর্তা নাজমুল হোসেনসহ অন্য সদস্যরা উপজেলার বাঁশবাড়িয়া, পশ্চিমভাগ, আটভাগ, ধোকড়াকুল ও গোটিয়া গ্রামের প্রত্যক্ষদর্শী লোকজনের সাক্ষ্য গ্রহণ করেন।
মো. ফারুক হোসেন প্রথম আলোকে জানান, তাঁরা গত রোববার রাজশাহী সার্কিট হাউসে সাক্ষীদের সঙ্গে কথা বলেছেন। গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হওয়ার সময় যাঁরা প্রত্যক্ষদর্শী ছিলেন, তাঁদের সঙ্গে কথা বলছেন। গতকাল দুপুর নাগাদ আটজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে তদন্তকারী দল। দলের সদস্যরা কয়েক দিন থাকবেন এবং আক্রান্ত পরিবার ও প্রত্যক্ষদর্শী লোকজনের সঙ্গে কথা বলবেন।
তবে এখন পর্যন্ত তদন্তে পাওয়া তথ্য-উপাত্ত নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তদন্ত দলের সদস্যরা।
উপজেলার পশ্চিমভাগ গ্রামের শহীদ আনেস খলিফার স্ত্রী মাজেদা বেওয়া গত বছর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবদুস সামাদ ওরফে মুসা রাজাকারের বিরুদ্ধে অভিযোগ দেন। পরে এর অনুলিপি পুঠিয়া থানায় দেওয়া হয় বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।
অভিযোগ সূত্রে জানা যায়, একাত্তর সালের ১৯ এপ্রিল আবদুস সামাদ ৩০ থেকে ৪০ জন লোক নিয়ে বাঁশবাড়িয়াসহ আশপাশের কয়েকটি গ্রামের প্রায় ২০ জন মানুষকে হত্যা করেন। তাঁদের মধ্যে ১০ থেকে ১২ জনকে আবদুস সামাদ নিজ হাতে হত্যা করেন। তাঁর নির্দেশে অন্যদের পাকিস্তানি বাহিনী গুলি করে হত্যা করে।
অভিযোগটিকে ট্রাইব্যুনালের মামলা হিসেবে গ্রহণ করা হবে কি না, তা তদন্তের জন্য গত বছরের জুলাই মাসে তদন্ত সংস্থার পক্ষ থেকে প্রাথমিক তদন্ত করা হয়। সে সময় রাজশাহীর সার্কিট হাউসে একাত্তরে নিহত মানুষের স্বজনেরা আবদুস সামাদের বিরুদ্ধে একাত্তরের হত্যাকাণ্ডের বর্ণনা দেন।