পুঠিয়ার ইউএনওকে হুমকি, স্বেচ্ছাসেবক লীগ নেতার নামে মামলা
রাজশাহীর পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) হুমকি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সামাদের বিরুদ্ধে মামলা হয়েছে। ইউএনওর কার্যালয়ের হিসাব সহকারী আজিজুর রহমান বাদী হয়ে গত শনিবার সন্ধ্যায় পুঠিয়া থানায় ওই মামলা করেন।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, উপজেলার মিলনায়তনে দুই দিনব্যাপী ‘স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ’ শীর্ষক সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করা হয়। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবদুল মতিন। সভাপতিত্ব করেন ইউএনও নাজমা নাহার। উপজেলা প্রশাসনের আয়োজনে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ কাজী আবদুল ওয়াদুদ। অনুষ্ঠানের ওই মঞ্চেই ইউএনওর সঙ্গে আবদুস সামাদের কথা-কাটাকাটি হয়। পরে বিকেলে ইউএনওর নির্দেশে মামলাটি করেন তাঁর কার্যালয়ের হিসাব সহকারী আজিজুর। ওসি আরও বলেন, ইউএনওর সঙ্গে সামাদের যেভাবে কথা হয়েছে, তা হুমকি দেওয়ার মধ্যেই পড়ে।
এ ব্যাপারে সামাদ বলেন, ‘এমপি সাহেবের উপস্থিতিতে অনুষ্ঠান চলছিল। মঞ্চের সামনে ছিলেন ইউএনও, ওসি, সাংসদসহ আরও দুজন। আমাদের চেয়ার ছিল পেছনে। তাই জানতে চেয়েছিলাম, আমাদের চেয়ার পেছনে কেন? এর উত্তরে ইউএনও সাহেব চিৎকার করে ওঠেন। পরে শুনেছি, মামলা করেছেন।’
এ ব্যাপারে কথা বলার জন্য ইউএনও নাজমার সরকারি মুঠোফোনে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।