পুঠিয়ার রাজবাড়ীর দাবিদার খলিলুরের আবেদন খারিজ
রাজশাহীর পুঠিয়ার রাজবাড়ীসহ রাজ এস্টেটের ৩৬ একর জমির মালিকানা দাবি করে হাইকোর্টে দাখিল করা রিট আবেদন খারিজ (রুল ডিসচার্জ) করেছেন আদালত। গত সোমবার হাইকোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর হোসেনের দ্বৈত বেঞ্চ এ রায় দেন।সহকারী অ্যাটর্নি জেনারেল ইয়াদিয়া জামানের বরাত দিয়ে রাজশাহী জেলা প্রশাসক আবদুল হান্নান প্রথম আলোকে রিট খারিজের বিষয়টি নিশ্চিত করেছেন। পুঠিয়ায় কর্মরত সাবেক সহকারী তহশিলদার খলিলুর আদালতে এ রিট আবেদন করেছিলেন।রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তাঁকে সহযোগিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আলতাফ হোসেন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল ইয়াদিয়া জামান। বাদীপক্ষে ছিলেন মনসুর হাবীব। মনসুর হাবীব গতকাল রাতে প্রথম আলোকে বলেন, দুই পক্ষের শুনানি শেষে আদালত রিটের রুল খারিজ করে রায় দিয়েছেন। রিট খারিজ হওয়ার পর খলিলুরের জামাই রফিকুল ইসলাম বলেন, তাঁরা এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন। এদিকে পুঠিয়ার রাজবাড়ি রক্ষার দাবিতে গত শনিবার ‘আমরা পুঠিয়াবাসী’র ব্যানারে উপজেলা সদরে মানববন্ধন ও সমাবেশ করা হয়।