পুঠিয়ায় অর্পিত দেখিয়ে বসতবাড়ি ইজারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়ায় বসতবাড়ি ও বাড়িসংলগ্ন সম্পত্তি অর্পিত দেখিয়ে ইজারা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ক্ষেত্রে হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকলেও তা অমান্য করা হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগীরা গত বৃহস্পতিবার রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসকের (ভূমি) কাছে অভিযোগ করেছেন।অভিযোগ সূত্রে জানা গেছে, পুঠিয়া উপজেলার বানেশ্বর, চকবানেশ্বর, শিবপুর ও নামাজগ্রাম মৌজায় ১৪ একর ৮০ শতাংশ দেবোত্তর জমি নিয়ে ১৯৭৯ সাল থেকে সরকারের সঙ্গে হাইকোর্টে মামলা চলছে। রাধাবল্লভ দেব বিগ্রহ ঠাকুরের পক্ষে সেবাইত সমরেন্দ্র কৃষ্ণ সরকার এই মামলা লড়ছেন। ২০১২ সালের ১২ আগস্ট মামলার রায়ে সরকারপক্ষ হেরে যায়। কিন্তু রায় অমান্য করে গত বছরের ৩০ ডিসেম্বর স্থানীয় ভূমি কার্যালয় সম্পত্তিটি অর্পিত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত করলে গত ৯ জুন হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন সমরেন্দ্র।হাইকোর্ট ভূমিসচিব, উপসচিব, রাজশাহী জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও সহকারী কমিশনারকে (ভূমি) কারণ দর্শানোর কথা বলে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলেন। সে সঙ্গে তিন মাসের জন্য অর্পিত সম্পত্তি বিষয়ে গৃহীত যেকোনো কার্যক্রম স্থগিত রাখার আদেশ দেন।কিন্তু পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি) ৮ জুলাই জমিটি ট্রাকচালক বন্দোবস্তকারী সমবায় সমিতির কাছে ইজারা দিয়েছেন। সহকারী কমিশনার শাহীন আকতার দাবি করেছেন, তিনি কারণ দর্শাও নোটিশ পাননি। জমিটি আগেই ইজারা দেওয়া হয়েছিল। তিনি নবায়ন করেছেন মাত্র।সমরেন্দ্র কৃষ্ণ সরকার জানিয়েছেন, ১৯৮৭ সালে সরকার একবার তাঁদের সম্পত্তি ইজারা দিয়েছিল। কিন্তু সেই ইজারা বাতিল হয়ে গেছে। এরপর মামলায় সরকার হেরে গেছে। সেই জমি ইজারা দেওয়ার কোনো আইনগত অধিকার ভূমি কার্যালয়ের নেই। জানতে চাইলে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেওয়ান মোহাম্মদ আবদুস সামাদ বলেন, উচ্চ আদালতে তারা (বাদী) রায় পেয়েছে, এটা তাঁদের জানা ছিল না। তবে রায়ের বিরুদ্ধে তাঁরা আবার আপিল করবেন। আদালত যে রায় দেবেন, তার ভিত্তিতেই ফয়সালা হবে।