পুঠিয়ায় উদ্ধার হওয়া লাশটি ডাক বিভাগের এজিএম আবুল কালামের
রাজশাহীর পুঠিয়া উপজেলায় শনিবার সকালে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে। নিহত ব্যক্তি ডাক বিভাগের রাজশাহীর সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আবুল কালাম আজাদ। ধারণা করা হচ্ছে, তাঁকে শুক্রবার রাতে দুর্বৃত্তরা হত্যার পর লাশে আগুন ধরিয়ে দেয়। পুলিশ জানায়, আবুল কালামের মেয়েরজামাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সাইফুল ইসলাম লাশটি তাঁর শ্বশুর আবুল কালামের বলে শনাক্ত করেন। পরনে কালো প্যান্টের কিছু অক্ষত অংশ, পায়ের মোজা ও শরীরের গঠন দেখে তিনি লাশের পরিচয় নিশ্চিত হন।সাইফুল ইসলাম পুলিশকে জানান, তাঁর শ্বশুর আবুল কালাম রাজশাহী নগরের নওদাপাড়া এলাকায় নিজ বাড়িতে সপরিবারে থাকতেন। তিনি ডাক বিভাগের রাজশাহীর এজিএম হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিন বিকেলে অফিস থেকে ফিরে তিনি বাইরে হাঁটতে বের হতেন। গত শুক্রবারও তিনি হাঁটতে বের হন। পরে তিনি আর ফেরেননি। এরপর তাঁরা সবাই তাঁকে (আবুল কালাম) খুঁজতে থাকেন। পুঠিয়ায় অজ্ঞাতপরিচয় লাশের খবর পেয়ে তাঁরা খোঁজ নিতে হাসপাতালে আসেন। গতকাল সকালে আবুল কালামের লাশ শনাক্ত করা হয়। রাজশাহীর সহকারী পোস্টমাস্টার জেনারেল ফজলুর রহমান এজিএম আবুল কালামের পরিচয় নিশ্চিত করে বলেন, গতকাল (রোববার) তাঁর লাশ কর্মস্থলে আনা হয়েছিল। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান বলেন, শিগগিরই তাঁরা এ হত্যাকাণ্ডের সূত্র বের করতে পারবেন।