পুঠিয়ায় এবার ছয় বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা!
রাজশাহীর পুঠিয়ায় এবার ছয় বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে। গত সোমবার সন্ধ্যায় উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের এক কলাখেত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। তার পরনের প্যান্ট মুখে গোঁজা ছিল।পুলিশ বলছে, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এর আগে গত ৮ মার্চ পুঠিয়ার একটি ভুট্টাখেত থেকে ধর্ষণের শিকার আট বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়।এবারের শিশুর নাম ফাতেমা খাতুন। তার বাবা রফিকুল ইসলাম একজন কৃষক। ফাতেমা উপজেলার নকুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ছিল। ঘটনার প্রতিবাদে তার সহপাঠীরা গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কুদ্দুস বলেন, গত রোববার বিদ্যালয় ছুটি ছিল। ফাতেমা খেলাধুলা করছিল। সন্ধ্যার পর মেয়েকে বাড়িতে না পেয়ে তার মা আনোয়ারা বেগম ধারণা করেন, পাশেই নানার বাড়িতে গেছে হয়তো। পরের দিন সোমবার স্কুলে পাঠানোর জন্য তাকে খুঁজতে গিয়ে নানার বাড়িতে না পেয়ে তিনি দিশেহারা হয়ে পড়েন।ফাতেমার মামা আনিসুর রহমান বলেন, মেয়েকে না পেয়ে তাঁরা গ্রামে গ্রামে মাইকিং করেছেন। কোথাও তার খোঁজ না পেয়ে বিকেলের দিকে পুঠিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যান। থানায় থাকতেই তাঁরা খবর পান, কলাখেতে মেয়ের লাশ পাওয়া গেছে।পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে গতকাল সকালে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, প্রাথমিক তদন্তেই তাঁদের মনে হয়েছে, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ব্যাপারে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।