পুঠিয়ায় কমিটি বাতিল না করায় সাংসদের ডাকা সভা বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়ায় আওয়ামী লীগের দুটি কমিটি গঠন নিয়ে দলের দুই পক্ষের বিরোধ মীমাংসায় গতকাল সোমবার বৈঠক ডেকেছিলেন স্থানীয় সাংসদ আবদুল ওয়াদুদ। বৈঠকে প্রতিপক্ষ ওই কমিটি দুটি বাতিলের দাবি জানায়। কিন্তু তা না করায় ওই পক্ষ বৈঠক বর্জন করে। পরে বিরোধ মীমাংসায় ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।দলীয় সূত্রে জানা গেছে, পুঠিয়া পৌরসভা ও পুঠিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন ছিল গত রোববার। অভিযোগ রয়েছে, সম্মেলনে যাওয়ার পথে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জি এম হিরার পক্ষের নেতা-কর্মীদের ওপর হামলা চালায় সাংসদের পক্ষের লোকজন। এ ঘটনার পর ওই সম্মেলন স্থগিত করা হলেও সম্মেলনস্থল থেকে পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। জি এম হিরা অভিযোগ করেন, সাংসদ নিজের লোকজন দিয়ে অগণতান্ত্রিকভাবে ওই কমিটি গঠন করেছেন।এই বিরোধ মীমাংসার জন্য গতকাল দুপুরে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাংসদ আবদুল ওয়াদুদ স্থানীয় বিড়ালদহ কলেজে বৈঠক ডাকেন। বৈঠকে নেতা-কর্মীদের উদ্দেশে সাংসদ বলেন, ‘আপনারা নিজেরা বিভেদ করেন আর দোষ চাপান আমার ঘাড়ে। এটা কেন করেন। আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। কেউ দূরে থাকবেন না।’এরপর জি এম হিরা বলেন, সম্মেলন স্থগিত করার পর কমিটি ঘোষণা অগণতান্ত্রিক। তিনি ওই কমিটি তখনই বাতিল করার প্রস্তাব করেন। কিন্তু সাংসদ কমিটি বাতিল না করে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য বদিউজ্জামানকে আহ্বায়ক করে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করে দেন। এই কমিটি সাত দিনের মধ্যে সিদ্ধান্ত দেবে। কমিটি বাতিল না করায় জি এম হিরা সভা বর্জন করে তাঁর অনুসারীদের নিয়ে চলে যান।জানতে চাইলে জি এম হিরা প্রথম আলোকে বলেন, ‘আমার অনুসারীদের ওপর হামলায় নেতৃত্ব দেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক। আবার এই মীমাংসা কমিটিতেও তাঁকে রাখা হয়েছে, এটা মেনে নেওয়া যায় না। কমিটি বাতিলের দাবিতে দলীয় কর্মসূচি ঘোষণা করা হবে।’