পুঠিয়ায় কলেজ অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
রাজশাহীর পুঠিয়া উপজেলার ইসলামিয়া মহিলা কলেজের অধ্যক্ষ ও জামায়াতে ইসলামীর সাবেক নেতা আবদুল মান্নাফ এবং কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও স্থানীয় আওয়ামী লীগের নেতা সারোয়ার হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। গতকাল সোমবার রাজশাহীর মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা করেছেন একই কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক কামাল উদ্দিন।আবদুল মান্নাফ জেলা জামায়াতের পূর্বাঞ্চলের সাবেক সহকারী সেক্রেটারি এবং সারোয়ার হোসেন পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। মামলার অপর আসামিরা হলেন কলেজের শিক্ষক প্রতিনিধি মোজাহারুল ইসলাম, পরিচালনা পর্ষদের সদস্য আফসার আলী শেখ ও আসাদুজ্জামান আসাদ। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।মামলার আর্জিতে কামাল উদ্দিন জানান, ২০০২ সাল থেকে তিনি কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত আছেন। গত বছরের ২৯ অক্টোবর আসামিরা তাঁর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। তবে অধ্যক্ষ আবদুল মান্নাফ চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘অনিয়মিত উপস্থিতির কারণে কামাল উদ্দিনকে বরখাস্ত করেছে কলেজ কর্তৃপক্ষ। এ জন্যই তিনি মিথ্যা মামলা করেছেন।’