পুঠিয়ায় গাড়িচাপায় শিশুর মৃত্যুর পর ৩০ গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কে গতকাল শনিবার দুপুরে প্রাইভেট কারের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় চার ঘণ্টা ওই সড়ক অবরোধ করে রাখে। এ সময় লোকজন প্রায় ৩০টি গাড়ি ভাঙচুর করে। এতে ওই সব গাড়ির অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বেলা একটার দিকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের রাস্তায় একটি প্রাইভেট কারের ধাক্কায় পিয়াস নামের ১১ বছর বয়সী এক শিশু আহত হয়। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। পিয়াসের বাবার নাম আজাদ মণ্ডল। বাড়ি পুঠিয়ার কাঁঠালবাড়িয়া এলাকায়। পিয়াস পুঠিয়া পিএন বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। দুর্ঘটনার জন্য দায়ী প্রাইভেট কারটি পুড়িয়ে দেয়। এ সময় দুই পাশে রাস্তায় আটকে পড়ে শত শত গাড়ি। বিকেল চারটার দিকে পুঠিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ছালেহ উদ্দিন ঘটনাস্থলে এসে লোকজনকে রাস্তা থেকে সরে যাওয়ার নির্দেশ দেন। এতে লোকজন আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা হামলা চালিয়ে প্রায় ৩০টি গাড়ি ভাঙচুর করে।