পুঠিয়ায় ছাত্রদল নেতাকে প্রকাশ্যে জবাই করে হত্যা
রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিএনপির নেতা দাউদ মোল্লা হত্যার দেড় বছরের মাথায় গত বৃহস্পতিবার রাতে প্রকাশ্যে তাঁর ছেলে ইউনিয়ন ছাত্রদলের নেতা আতাউর রহমানকে (২৮) জবাই করে হত্যা করা হয়েছে। নিহত আতাউর ছিলেন তাঁর বাবার হত্যা মামলার সাক্ষী। তিনি উপজেলার বানেশ্বর ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক ছিলেন। তাঁর বাবা ছিলেন ওই ইউনিয়ন বিএনপির সহসভাপতি। তাঁদের বাড়ি উপজেলার বানেশ্বর ইউনিয়নের মাইপাড়া গ্রামে।নিহত আতাউরের বন্ধু ও প্রত্যক্ষদর্শী প্রতিবেশী ভাড়রা গ্রামের সাজিদুর রহমান (২৬) প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় আতাউরের সঙ্গে তিনি ও তাঁদের আরেক বন্ধু যুবরাজ মাইপাড়া বাজারে একটি দোকানে বসে চা পান করেন। রাত সোয়া নয়টার দিকে তাঁরা আতাউরকে এগিয়ে দিতে ওই দোকান থেকে বের হন। কিছুদূর যাওয়ার পরই উপজেলার বিড়ালদহ মাজার এলাকার ফয়সাল নামের এক যুবকসহ একদল সশস্ত্র লোক তাঁদের ঘিরে ফেলে। একপর্যায়ে বিপদের আশঙ্কায় আতাউর দৌড় দেন। তাতেও শেষ রক্ষা হয়নি। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে পেছন থেকে আঘাত করা হয়। এতে আতাউর পড়ে যান। এরপর হামলাকারীরা শতাধিক মানুষের সামনে মাইপাড়া মসজিদের কাছে আতাউরকে জবাই করে ঘটনাস্থল ত্যাগ করে।সাজিদুর আরও জানান, আতাউরকে ধাওয়া করার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চলে যায় এবং তাঁকে জবাই করে ফেলে যাওয়ার কিছুক্ষণ পরই বিদ্যুৎ চলে আসে। তিনি বলেন, এ ঘটনা পূর্বপরিকল্পনারই অংশ হতে পারে। হত্যাকাণ্ডের পরপরই এ ঘটনার প্রতিবাদে ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী রাজশাহী-ঢাকা মহাসড়ক রাত তিনটা পর্যন্ত অবরোধ করে রাখেন। গতকালও এলাকায় আতঙ্ক বিরাজ করছিল।গত বছরের ২৯ জানুয়ারি আতাউরের বাবা দাউদ মোল্লাকে কুপিয়ে হত্যা করা হয়। ওই মামলার এজাহারভুক্ত ১৪ আসামির মধ্যে সাতজনকে বাদ দিয়ে অভিযোগপত্র দেওয়া হয়েছিল। মাস দেড়েক আগে মামলার বাদী নিহত দাউদের স্ত্রী ছায়েরা খাতুন ওই অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন করেন। ছায়েরা খাতুনের ছোট ছেলে মিঠুন মোল্লা (২০) অভিযোগ করেন, নারাজি আবেদন করায় হত্যা মামলার আসামিরাই আতাউরকে জবাই করেছে। দাউদ মোল্লা হত্যার ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের আসামি করে মামলা হয়। তাঁদের মধ্যে স্থানীয় সাংসদ আবদুল ওয়াদুদের ঘনিষ্ঠজনেরা আছেন বলে অভিযোগ রয়েছে। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আলম বলেন, আতাউরকে হত্যার ঘটনায় গতকাল সাংসদ আবদুল ওয়াদুদের ভাই কাজী আবু হানিফ ওরফে সোজাসহ ১৬ জনকে আসামি করে মামলা হয়েছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, নিহত ব্যক্তির বাবার হত্যা মামলার আসামিদের সঙ্গে মুখোশ পরা নতুন কিছু লোকও এ হত্যাকাণ্ডে অংশ নেয়। তাদের গ্রেপ্তারে বৃহস্পতিবার রাত থেকেই অভিযান শুরু হয়েছে।