পুঠিয়ায় ছাত্রীকে প্রহার, শিক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে মারধর করার অভিযোগে রাজশাহীর পুঠিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে গতকাল সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।

ওই শিক্ষকের নাম নূরজাহান আক্তার। তিনি উপজেলার মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাঁর বাড়ি উপজেলার খোকসা গ্রামে। আর ওই ছাত্রীর নাম জান্নাতুল আক্তার। সে খোকসা গ্রামের জহরলাল আলীর মেয়ে।

এ ঘটনায় গত রোববার রাতে জহরলাল ওই শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, বাড়ি থেকে পড়া তৈরি করে না আসার অভিযোগে জান্নাতুলকে ২২ আগস্ট নূরজাহান বেদম প্রহার করেন।

জহরলাল অভিযোগ করে বলেন, একই গ্রামে বাড়ি হওয়ায় ওই শিক্ষকের সঙ্গে তাঁদের পারিবারিক বিরোধ রয়েছে। এর জের ধরে তাঁর মেয়েকে বেদম প্রহার করা হয়েছে। গত রোববার মেয়েকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গ্রেপ্তার হওয়ার পর ওই শিক্ষকের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান বলেন, তাঁর কাছে নূরজাহান স্বীকার করেছেন, তিনি ওই ছাত্রীকে বেত দিয়ে তিন-চারটি বাড়ি দিয়েছেন। থানার ওসি সায়েদুর রহমান ভুঁইয়া বলেন, ওই শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে।