পুঠিয়ায় ছয় পুলিশকে বেঁধে পিটিয়েছেন মাদক ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়া উপজেলার জামিরা গ্রামে ছয় পুলিশ সদস্যকে বেঁধে রেখে পিটিয়েছেন মাদক ব্যবসায়ীরা। গতকাল সোমবার সন্ধ্যার পর থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। এ সময় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশ তাঁদের থামাতে দুটি ফাঁকা গুলিও চালায়। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সালাম জানান, গতকাল বিকেল থেকেই পুঠিয়ার জামিরা গ্রামে উপপরিদর্শক (এসআই) মুরাদের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান শুরু হয়। সন্ধ্যার পর পুলিশ চারজনকে আটক করে ফেরার সময় ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হানিফকে রাস্তায় ফেনসিডিল বিক্রি করতে দেখে গ্রেপ্তারের চেষ্টা চালায়। ওই সময় হানিফ সাদা পোশাকে থাকা পুলিশদের ছিনতাইকারী বলে চিৎকার করে তাঁর সহযোগী মাদক ব্যবসায়ী ও গ্রামবাসীকে ডাকতে থাকেন। তাঁর ডাকে অন্য মাদক ব্যবসায়ীরা এসে এসআই মুরাদসহ ছয় পুলিশ সদস্যকে বেঁধে রেখে পেটান। একপর্যায়ে খবর পেয়ে পুঠিয়া থানা থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে মাদক ব্যবসায়ীদের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়।