পুঠিয়ায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ১২
রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুরহাট এলাকায় গত রোববার রাতে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। পরে পুলিশ লাঠিপেটা করে ও শটগানের শতাধিক গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করে পুলিশ।
এলাকাবাসীর অনেকে জানান, গত শনিবার রাতে মাদক সেবনকে কেন্দ্র করে উপজেলা বানেশ্বর ইউনিয়নের শিবপুরহাটের জায়গিরপাড়া গ্রামের হার্ডওয়্যাড ব্যবসায়ী জাহাঙ্গীর ও বাচ্চুর সঙ্গে রঘুরামপুর গ্রামের কাঁচামাল ব্যবসায়ী ইসলাম ও ফজলুলের মারামারি হয়। এরই জের ধরে রোববার রাত নয়টার দিকে রঘুরামপুর গ্রামের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জাহাঙ্গীরের হার্ডওয়্যারের দোকানে হামলা চালায়। খবর পেয়ে জায়গিরপাড়াবাসী জোট বেঁধে লাঠিসোঁটা নিয়ে হামলাকারীদের ধাওয়া করে। এ সময় দুই পক্ষের সংঘর্ষে ১২ জন আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবাইদা খান জানান, ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার দুপুরেই তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।