পুঠিয়ায় বিদ্যালয় মাঠে বিপণিবিতান, ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের খেলার মাঠে পাঁচতলাবিশিষ্ট একটি বিপণিবিতান নির্মাণ করা হচ্ছে।এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এর প্রতিবাদে গতকাল বুধবার অভিভাবকেরা প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে অবরোধ করে রাখেন। পরে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন।বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয় কর্তৃপক্ষ খেলার মাঠের জায়গায় পাঁচতলাবিশিষ্ট বিপণিবিতান নির্মাণের সিদ্ধান্ত নেয়। প্রথম পর্যায়ে দুইতলা পর্যন্ত নির্মাণ করা হবে। এতে মোট ২০টি দোকানঘর নির্মাণ করা হবে। প্রতিটি দোকানের জন্য ব্যবসায়ীদের কাছ থেকে চার লাখ টাকা করে জামানত নেওয়া হয়েছে। এরই মধ্যে বরাদ্দ দেওয়া শেষ হয়ে গেছে।নাম প্রকাশ না করার শর্তে ওই বিদ্যালয়ের একজন শিক্ষক জানান, এটা দাপ্তরিক জামানত। তবে এর বাইরেও ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত এক লাখ করে টাকা নেওয়া হচ্ছে। এই টাকা বিদ্যালয়ের হিসাবে ধরা হচ্ছে না।গতকাল সকালে বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, খেলার মাঠে বিপণিবিতান নির্মাণের জন্য রড, ইট, বালু, খোয়া ভাঙার যন্ত্র এনে রাখা হয়েছে। শ্রমিকেরা রড কাটার কাজ করছেন। অভিভাবকেরা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে প্রধান শিক্ষক জিল্লুর রহমান ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাত্তার শেখকে অবরোধ করে রেখেছেন। পরে দুপুর ১২টার দিকে শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়। একপর্যায়ে কমিটির সভাপতি অভিভাবকদের উদ্দেশে বলেন, ‘তোমরা যা পারো করো গা।’ এ কথা শুনে অভিভাবকেরা ইউএনওর কার্যালয়ে গিয়ে তাঁকে লিখিত অভিযোগ দেন।বিদ্যালয়ের দশম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থী জানায়, বিপণিবিতানের ভবন নির্মাণ করলে শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারবে না। পাশাপাশি শিক্ষার পরিবেশও নষ্ট হবে। মজনু রহমান নামের একজন অভিভাবক জানান, বিদ্যালয়টি উপজেলার একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। অথচ বিদ্যালয় কর্তৃপক্ষ এখানকার শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট করছে। শিশুদের মানসিক বিকাশের জন্য খেলার মাঠ প্রয়োজন। বিদ্যালয় কর্তৃপক্ষ এখন টাকার লোভে মাঠের জায়গাটুকু ব্যবসায়ীদের দিয়ে দিচ্ছে।এ ব্যাপারে প্রধান শিক্ষক জানান, বিদ্যালয়ের প্রয়োজনে মার্কেটটি নির্মাণ করা হচ্ছে। সভাপতি সাত্তার শেখ জানান, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভায় সিদ্ধান্ত নিয়ে এটি নির্মাণ করা হচ্ছে।অভিভাবকদের দেওয়া লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে ইউএনও লুৎফর রহমান জানান, তিনি এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেবেন।