পুঠিয়ায় বিদ্যালয়ে দপ্তরি নিয়োগ শেষ পর্যন্ত হাইকোর্টে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যে চারটি বিদ্যালয়ে নিয়োগের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছেন প্রার্থীরা। এ ব্যাপারে নিয়োগ কমিটির কর্মকর্তাদের আদালত থেকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। আদালত তিনটি বিদ্যালয়ের নিয়োগের ওপরে স্থগিতাদেশও দিয়েছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ৮৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে গত বছর ১৭টি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি নিয়োগ সম্পন্ন হয়েছে। এবার ১৭টি বিদ্যালয়ে নিয়োগের জন্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়। তার মধ্যে ১২টি বিদ্যালয়ে নিয়োগ অনুমোদন করা হয়েছে এবং পাঁচটির নিয়োগের বিষয়টি ঝুলে রয়েছে। অনুমোদন পাওয়া বিদ্যালয়ের মধ্য থেকে চারটি বিদ্যালয়ে নিয়োগে অনিয়মের অভিযোগ এনে বঞ্চিত প্রার্থীরা হাইকোর্টে রিট আবেদন করেছেন।
অভিযোগ উঠেছে, স্থানীয় সাংসদের ঘনিষ্ঠ যুবলীগের এক নেতা প্রার্থীদের কাছ থেকে সাংসদের নাম করে দপ্তরি পদে নিয়োগ দেওয়ার জন্য টাকা নিয়েছেন। এ জন্য অনিয়ম করে সর্বোচ্চ নম্বর পাওয়া প্রার্থীকে বাদ দিয়ে পরীক্ষায় দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। এমনকি বয়স পার হয়ে গেছে, এমন প্রার্থীকেও নিয়োগ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহমদ বলেন, নিয়োগ নীতিমালায় বলা রয়েছে, স্থানীয় সাংসদের সঙ্গে পরামর্শ করে নিয়োগ দিতে হবে। তিনি তাই করেছেন। এখন আদালতে মামলা হয়েছে।