পুঠিয়ায় ভটভটি চালককে গলা কেটে হত্যা
রাজশাহীর পুঠিয়া উপজেলার দীঘলকান্দি গ্রামে গতকাল বৃহস্পতিবার একটি আমবাগান থেকে এক ভটভটিচালকের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম সজীব হোসেন (১৭)। সে পুঠিয়া উপজেলার খুটিপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে।
স্থানীয় লোকজন জানান, কয়েক মাস ধরে সজীব রাজশাহী নগরের মতিহার থানা এলাকায় তার নানার বাড়িতে বসবাস করছিল। কিছুদিন আগে বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে একটি ভটভটি কিনে ভাড়ায় চালাচ্ছিল।
গত বুধবার সকালে প্রতিদিনের মতো ভটভটি নিয়ে বের হয়ে আর ফিরে আসেনি। গতকাল সকালে দীঘলকান্দি গ্রামের একটি আমবাগানে তার গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। দুপুরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
পুঠিয়া থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, ভটভটি ছিনতাইয়ের জন্য তাকে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ছাড়া অন্য কোনো কারণ আছে কি না তা তদন্তের আগে বলা যাচ্ছে না। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হয়েছে।