পুঠিয়ায় সংঘর্ষের আশঙ্কায় বিদ্যালয়ে তিন দিনের ছুটি!
রাজশাহীর পুঠিয়ার ধোপাপাড়া উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া নিয়ে সৃষ্ট জটিলতায় শিক্ষার্থীরা মিছিল ও মানববন্ধন করেছে। সংঘর্ষের আশঙ্কায় গতকাল শনিবার বিদ্যালয়ে তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বিদ্যালয় সূত্র জানায়, গত মার্চে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে জটিলতা দেখা দেয়। সেই সময় এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হলে আটটি আবেদনপত্র পড়ে। কিন্তু পরে বিদ্যালয় ছুটি হলে বন্ধের মধ্যেই পরিচালনা পর্ষদের সভাপতি জসিম উদ্দিন গোপনে প্রধান শিক্ষক নির্বাচন করেন। গত ২৭ মে সহকারী প্রধান শিক্ষক মোজাম্মেল হক সরকার এ নিয়োগের বিরুদ্ধে রাজশাহীর পুঠিয়া সহকারী জজ আদালতে মামলা করেন। আদালত নিয়োগের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু তার পরও বেআইনিভাবে গত ২৯ মে পরিচালনা পর্ষদ মতিউর রহমানকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেয়। এলাকাবাসী জানায়, এভাবে প্রধান শিক্ষক নিয়োগের প্রতিবাদে গতকাল দুপুর ১২টায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা পুঠিয়া-তাহেরপুর সড়কে মিছিল ও মানববন্ধন করে। এ ঘটনায় সহকারী প্রধান শিক্ষক ও নতুন নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষকের পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর পরই বিদ্যালয়ে তিন দিনের ছুটি ঘোষণা করেন সহকারী প্রধান শিক্ষক। নতুন প্রধান শিক্ষক মতিউর রহমান বলেন, ‘একটি সমস্যার ব্যাপারে আলাপ করতে আমি স্থানীয় সাংসদের কাছে গিয়েছিলাম। এ সময় সহকারী প্রধান শিক্ষক বিদ্যালয়ে তিন দিনের ছুটি দিয়েছেন বলে শুনেছি। মামলার বিষয়টিও লোকমুখে শুনেছি।’ যোগাযোগ করা হলে মোজাম্মেল হক বলেন, সংঘর্ষের আশঙ্কায় তিনি বিদ্যালয় ছুটি দিয়েছেন।এদিকে প্রধান শিক্ষককে নিয়োগদানকারী সভাপতি জসিম উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান বলেন, নতুন প্রধান শিক্ষকের প্রতি স্থানীয় সাংসদের সমর্থন রয়েছে। গতকাল নতুন শিক্ষক যোগ দিতে গেলে সহকারী প্রধান শিক্ষক ও তাঁর লোকজন সাংসদের সঙ্গে কথা না বলে তাঁকে কাজ করতে দিতে রাজি হননি। পরে সাংসদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নতুন শিক্ষককে দায়িত্ব বুঝিয়ে দিতে বলেন। কিন্তু সহকারী প্রধান শিক্ষক তা না করে বিদ্যালয় ছুটি দিয়ে দেন।