পুঠিয়ায় ১২ ব্যবসায়ী জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের বিরুদ্ধে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ এনে সড়ক অবরোধের কারণে রাজশাহীর পুঠিয়ায় বণিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৬ ব্যবসায়ীর নামে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সংর্ঘষ এড়াতে পুঠিয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন পুঠিয়া বাজার বণিক সমিতির সভাপতি হাসিবুল ইসলাম, জ্যেষ্ঠ সহসভাপতি মামুনুর রশিদ বিশ্বাস, সহসভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুগ্ম সম্পাদক জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, দপ্তর সম্পাদক সুজিত কুমার, সদস্য নওশাদ আলী, বজলুর রহমান, আইনাল হক, সঞ্জয় কুমার ও আসাদুল ইসলাম।জানা গেছে, পুঠিয়া থানার উপপরিদর্শক (এসআই) জি এম মাহাবুব আলম চৌধুরী মঙ্গলবার দুপুরে পেটে বাচ্চাসহ একটি গরু জবাইয়ের অভিযোগ পেয়ে পুঠিয়া ত্রিমোহিনী বাজারে যান। তিনি অভিযুক্ত কসাইয়ের শেডটি ভেঙে দেওয়ার জন্য সুজন নামের এক সবজি ব্যবসায়ীকে নির্দেশ দেন।ব্যবসায়ীদের অভিযোগ, সুজন তা অমান্য করলে মাহাবুব আলম তাঁকে কিলঘুষি ও লাথি মারেন। এতে সুজন অসুস্থ হয়ে পড়লে তাঁকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ খবর ব্যবসায়ীদের মধ্যে ছড়িয়ে পড়লে তাঁরা সংঘবদ্ধ হয়ে বেলা সোয়া দুইটার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করেন।এক ঘণ্টা অবরোধ চলাকালে ব্যবসায়ীদের হাতে ট্রাফিক কনস্টেবল সেলিম আহত হন। পুঠিয়া থানার ওসি জিয়াউল আলম বলেন, ব্যবসায়ীরা ট্রাফিক কনস্টেবলকে মারধর করেছেন। এ জন্য তাঁদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দেওয়া হয়েছে।