পুড়ছে কাঠ, উজাড় হচ্ছে বন

বরগুনায় বৈধ-অবৈধ মিলিয়ে অন্তত ৫৪টি ইটভাটায় দেদার কাঠ পোড়ানো হচ্ছে। এই কাঠের বেশির ভাগই সংরক্ষিত ও সামাজিক বন থেকে কাটা হচ্ছে। এতে ঘূর্ণিঝড় সিডর-আইলা বিধ্বস্ত বরগুনাসহ পুরো দক্ষিণাঞ্চলের সামগ্রিক পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
বরগুনা জেলা প্রশাসন জানায়, জেলায় অনুমোদিত ইটভাটা রয়েছে ২৫টি। কিন্তু কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের বরগুনা সার্কেল-২-এর কর্মকর্তারা জানান, জেলায় মূল্য সংযোজন কর (ভ্যাট) দেয়, এমন নিবন্ধিত ভাটা রয়েছে ৩৫টি। পরিবেশ অধিদপ্তরের বরিশাল আঞ্চলিক কার্যালয়ের তথ্য অনুযায়ী, জেলায় বৈধ-অবৈধ মিলিয়ে ভাটার সংখ্যা ৫৪টি। তবে স্থানীয় কয়েকজন জানান, চিমনিবিহীন ইটভাটাসহ (পাঁজা) জেলায় শতাধিক ভাটা রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, আমতলী উপজেলার ১৯টি ইটভাটার নয়টিতে অবৈধ ড্রাম ও স্থায়ী চিমনি ব্যবহার করা হচ্ছে। বাকি ১০টিতে জিগজ্যাগ চিমনি রয়েছে। কিন্তু এ ১০টি ভাটাতেও কয়লার বদলে কাঠ পোড়ানো হচ্ছে। এসব কাঠের বেশির ভাগই সংগ্রহ করা হচ্ছে সংরক্ষিত টেংরাগিরি বন ও সামাজিক বনায়নের বাগান উজাড় করে। এসব ভাটার শ্রমিকেরা জানান, প্রতিটি ভাটায় দৈনিক ৪৫০-৫০০ মণ জ্বালানি কাঠ প্রয়োজন।
বরগুনা সদরের বরইতলা এলাকায় গিয়ে দেখা যায়, ‘ট্রিপল ফাইভ’ নামে একটি জিগজ্যাগ পদ্ধতির ভাটায় শুধু কাঠ দিয়েই ইট পোড়ানো হচ্ছে। ভাটাটির পাশে ১০-১২ জন শ্রমিক কুড়াল দিয়ে কাঠ চেরাই করছেন। শ্রমিকদের দুজন বলেন, এ বছর এ ভাটায় এক মণও কয়লা ব্যবহার হয়নি। পুরো মৌসুমই এখানে কাঠ পোড়ানো হয়েছে।
পাথরঘাটার বাইনচটকি এলাকায় গত শনিবার বিকেলে গিয়ে দেখা যায়, স্টোন ব্রিকস নামের একটি ইটভাটার নিজস্ব তিনটি লরিতে কাঠ এনে ভাটার পাশে স্তূপ করা হচ্ছে। ভাটার ব্যবস্থাপক মো. বাবুল মিয়া বলেন, ‘কয়লা না পাওয়ায় আমরা জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করছি।’ একইভাবে বরগুনা সদরের কুমড়াখালী, ভূতমারা, বাওয়ালকর; পাথরঘাটার কাঁকচিড়া, বাদুরতলা, কালমেঘা, বাইনচটকি, বামনা উপজেলার পুরাতন বামনা এবং বেতাগী উপজেলার সাতটি ইটভাটায় কাঠ ব্যবহার করা হচ্ছে।
বরগুনার কাঠ ব্যবসায়ী মো. শাহ আলম জানান, এবার ইটভাটায় জ্বালানি কাঠের চাহিদা থাকায় বাইরের চাহিদার জোগান দিতে পারছেন না তাঁরা। ফলে ৮০-৯০ টাকা মণ দরের কাঠ এখন ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি করতে হচ্ছে। চাহিদা থাকায় এখন সামাজিক ও অন্যান্য বনের অপরিপক্ব গাছ কেটে দেদার বিক্রি করে দিচ্ছেন বিভিন্ন এলাকার লোকজন।
রোববার আমতলী ও তালতলী উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিভিন্ন প্রজাতির গাছ কেটে বিক্রির জন্য নদী ও খালের পাড়ে স্তূপাকারে রাখা হয়েছে। তালতলীর পচাকোড়ালিয়া, ছোটবগি স্লুইসগেট, মনসাতলী ও বাঁশবাড়িয়ায় এলাকায় গিয়ে দেখা যায়, চাম্বল, মেহগনি, রেইনট্রি, তুলাসহ বিভিন্ন প্রজাতির অপরিপক্ব হাজার হাজার গাছ কেটে রাস্তার পাশে ও নদীর পাড়ে স্তূপ করা হয়েছে।
জানতে চাইলে জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ও স্টোন ব্রিকসের মালিক আবুল বাশার বলেন, কয়লার সংকট ও দাম বেশি হওয়ায় ভাটার মালিকেরা মাঝেমধ্যে সামান্য কাঠ ব্যবহার করছেন।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন আ ক ম মোস্তফা জামান বলেন, সিডর-আইলাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এসব বন দক্ষিণাঞ্চলের মানুষের জানমালের সুরক্ষাকবচ হিসেবে কাজ করেছে। ব্যাপক হারে বৃক্ষনিধনের কারণে কার্বন নিঃসরণের পরিমাণ বাড়বে। এতে উষ্ণতা বৃদ্ধির পাশাপাশি এ অঞ্চলের সার্বিক পরিবেশ-প্রতিবেশ মারাত্মক হুমকিতে পড়বে।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) বরিশাল বিভাগীয় সমন্বয়কারী লিংকন বায়েন বলেন, ‘আমরা বরগুনার অধিকাংশ ইটভাটায় গিয়ে কাঠ পোড়ানোর প্রমাণ পেয়েছি। এটা অব্যাহত থাকলে শিগগিরই এ জেলা বৃক্ষশূন্য হয়ে পড়বে।’
পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক সুকুমার বিশ্বাস বলেন, এসব ভাটার বিরুদ্ধে অভিযান চালানো হবে।
জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম বলেন, আইন লঙ্ঘনকারী ভাটার মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।