পুড়িয়ে মানুষ হত্যার প্রতিবাদে মানববন্ধন
অবরোধ ও হরতালের নামে সহিংসতা, নাশকতা ও পেট্রলবোমা হামলায় মানুষ হত্যার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে পদযাত্রা, পথসভা ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মুক্তিযোদ্ধা, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন এই কর্মসূচিতে অংশ নেয়।
কর্মসূচি থেকে বিএনপি-জামায়াতকে অবিলম্বে হরতাল-অবরোধ প্রত্যাহারের আহ্বান জানানো হয়। একই সঙ্গে তারা পেট্রলবোমার হামলা থেকে দেশবাসীকে রেহাই দেওয়ার দাবি জানায়।
নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর:
‘পুড়ছে মানুষ, কাঁদছে দেশ, রুখে দাঁড়াও বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে রাজশাহীতে মানববন্ধন করা হয়েছে। অন্যদিকে রেলে নাশকতা ও মানুষ হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে। নগরের সাহেববাজার জিরো পয়েন্টে নগর যুবলীগের আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির সম্পাদক ও রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাচ্চু, মুক্তিযোদ্ধা মীর ইকবাল প্রমুখ। এদিকে রেলে নাশকতা ও মানুষ হত্যার প্রতিবাদে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীরা নগরের শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্বর এলাকার রেল ভবনের সামনে মানববন্ধন করেছেন। এতে অংশ নেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক খাইরুল আলমসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
গাইবান্ধা শহরে পদযাত্রা ও পথসভা করে গাইবান্ধা সম্মিলিত সাংস্কৃতিক জোট। শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সংগীত গেয়ে এই পদযাত্রা কর্মসূচির সূচনা হয়। পরে গাইবান্ধা শহরের প্রেসক্লাব মোড়, ১ নম্বর ট্রাফিক মোড়, পৌর পার্ক মোড় ও দাস বেকারির মোড়ে চারটি পথসভা অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন উল্লাপাড়া রেলস্টেশন বাজার এলাকায় মানববন্ধন করেছে। নাটোর জেলা অইনজীবী সমিতি, মহিলা পরিষদ, ইঙ্গিত থিয়েটার, দিঘাপতিয়া এম কে ডিগ্রি কলেজসহ ১৭টি প্রতিষ্ঠানের সহস্রাধিক সদস্য নাটোর প্রেসক্লাবের সামনে নাটোর-রাজশাহী সড়কে মানববন্ধন করেছেন। পরে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সাংসদ আবদুল কুদ্দুস, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু আহসান প্রমুখ। গুরুদাসপুর থানা সদর ও উপজেলার নয়াবাজার বিশ্বরোডেও পৃথক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বগুড়ার আদমদীঘির সান্তাহার জংশন স্টেশনে ট্রেনের হুইসেল বাজিয়ে প্রতিবাদ ও মানববন্ধন করেন রেল কর্মকর্তা ও কর্মচারীরা। বেলা পৌনে একটা থেকে একটা পর্যন্ত চলা এই কর্মসূচিতে রেলশ্রমিকদের পাশাপাশি সাধারণ ট্রেনযাত্রীরা অংশ নেন।
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক ফোরাম দিনাজপুর-ঢাকা মহাসড়কে মানববন্ধন করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রুহুল আমিন এতে অংশ নেন। এ সময় বক্তব্য দেন শিক্ষক আনিস খান, বলরাম রায়, বিকাশ চন্দ্র সরকার, ফজলুল হক, রেজিস্ট্রার নজিবুর রহমান প্রমুখ।
জয়পুরহাট শহরের প্রধান সড়কে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী ২৫টি সংগঠন মানববন্ধন করে।
পাবনার বেড়া পৌর শহরের ধানিয়াপট্টি থেকে কাদের ডাক্তারের মোড় পর্যন্ত দুপুর সাড়ে বারোটা থেকে একটা পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেড়া বাজার বণিক সমিতির উদ্যোগে বেড়া বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা এতে অংশ নেন। এ সময় বেড়া সাংস্কৃতিক সংসদের (বেসাস) সভাপতি আল মাহমুদ সরকার, বেড়া বাজার বণিক সমিতির সভাপতি আবুল বাশার মোল্লা, সাধারণ সম্পাদক শরিফ খান, বেড়া রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বেড়া পৌরসভার কাউন্সিলর হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
গণজাগরণ মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকী: রাজনৈতিক সহিংসতামুক্ত, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারী ও চাঁপাইনবাবগঞ্জে গতকাল পালিত হয়েছে গণজাগরণ মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বিকেল চারটার দিকে একটি জাগরণযাত্রা নীলফামারী শহর প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা করে। একইভাবে চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে জাতীয় পতাকা হাতে জাগরণযাত্রা শুরু হয়।