
মহামারি আকারে ব্লাস্ট রোগ ছড়িয়ে পড়তে পারে—এ আশঙ্কায় বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থা (বিএডিসি) ঝিনাইদহ ও চুয়াডাঙ্গায় কয়েক কোটি টাকা মূল্যের গমবীজখেত গত বৃহস্পতিবার পুড়িয়ে ফেলা হয়েছে।
এর মধ্যে ঝিনাইদহের মহেশপুরের দত্তনগর সরকারি বীজ খামারের ২৭২ একর জমির গমখেত পুড়িয়ে দেওয়া হয়েছে। দুপুরে খামার এলাকার দত্তনগর, মথুরাপুর, গোকুলনগর, করিঞ্চা ও কুশাডাঙ্গা বীজবর্ধন খামারের এই গমখেতে আগুন দেওয়া হয়।
আর চুয়াডাঙ্গায় দুটি বীজ উৎপাদন খামারের প্রায় ২৮৫ বিঘা জমির গমবীজখেত পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সদর উপজেলার নুরনগর ও জীবননগর উপজেলার পাথিলা বীজ উৎপাদন খামারে এ বীজবাহিত রোগ দেখা দেয়।
মহেশপুরের দত্তনগর বীজ উৎপাদন খামারের যুগ্ম পরিচালক জামিলুর রহমান বলেন, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর এলাকার গমখেতে এ বছর ব্লাস্ট রোগ ছড়িয়ে পড়েছে। এ রোগের কারণে গমগাছ শুকিয়ে যেতে শুরু করেছে। এতে ফলন খুবই কম হবে। তা ছাড়া এই খেত থেকে বীজ সংগ্রহ করলে ভবিষ্যতে রোগটি মহামারি আকারে ছড়িয়ে পড়বে। যে কারণে কৃষি মন্ত্রণালয়, বিএডিসি ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কাছে বিষয়টি নিয়ে করণীয় ঠিক করতে আবেদন জানানো হয়। তাদের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশাফুর রহমানের উপস্থিতিতে খামারের ১৮টি স্থানের গমখেত পোড়ানো হয়। জামিলুর রহমান আরও জানান, এতে ক্ষতি হয়েছে কোটি টাকার বেশি।
এ সময় বিএডিসির মহাব্যবস্থাপক (বীজ) আমিনুল ইসলাম, অতিরিক্ত মহাব্যবস্থাপক (খামার) মুজিবুর রহমান, যুগ্ম পরিচালক (বীজ পরীক্ষা) আশুতোষ লাহুড়ী, প্রকল্প পরিচালক বিপন কুমার মণ্ডলসহ মেহেরপুর, কুষ্টিয়া ও যশোরের আঞ্চলিক পরিচালকেরা উপস্থিত ছিলেন। এ ছাড়া ফায়ার ব্রিগেড, মেডিকেল টিম ও পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।
বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় স্থানীয় প্রশাসন ও বিএডিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে খেতে আগুন দেওয়া হয়। নুরনগরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুন উজ্জামান, বিএডিসির বীজের আপত্কালীন মজুত কর্মসূচির (বীআমক) কর্মসূচি পরিচালক এ কে এম নুরুল ইসলাম, নুরনগর বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের যুগ্ম পরিচালক আবদুল মালেক, কন্ট্রাক্ট গ্রোয়ার্স জোনের উপপরিচালক মোর্শেদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নির্মল কুমার দেসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খামারটির জ্যেষ্ঠ সহকারী পরিচালক আমিন উল্যাহ বলেন, চলতি উৎপাদন মৌসুমে নুরনগর বীজ উৎপাদন খামারে বীজের প্লটে প্রায় ৩০ বিঘা জমিতে গম চাষ করা হয়। উৎপাদন শেষে গমগুলো বীজ হিসেবে ব্যবহারের কথা ছিল। কিন্তু পুরো খেতেই ব্লাস্ট রোগ দেখা দেয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর কর্মকর্তারা সরেজমিনে তদন্ত করেন।
পাথিলা বীজ উৎপাদন খামারের উপপরিচালক মো. আখতারুজ্জামান বলেন, খামারের বীজ প্লটের ২৫৫ বিঘা জমির পুরো গমখেত ব্লাস্ট রোগে আক্রান্ত হওয়ায় সেগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। এ সময় বিএডিসির (বীজ) মহাব্যবস্থাপক আমিনুল ইসলাম, নুরনগর বীজ উৎপাদন খামারের যুগ্ম পরিচালক জামিরুল ইসলাম, জীবননগরের ইউএনও নুরুল হাফিজসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।