পুড়ে গেছে নাটোর জুট মিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের দত্তপাড়ায় বিসিক শিল্প এলাকায় নাটোর জুট মিল নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ও মিলের কর্মীরা প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন। এ সময় ধোঁয়ার কারণে অন্তত ১০ জন অসুস্থ হয়ে পড়েন।


নাটোর ফায়ার সার্ভিস অফিস সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে নাটোর জুট মিলে আগুন লাগে। কারখানার একটি যন্ত্রের স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তে আগুন কারখানার পাট ও পাটজাত পণ্যে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে পাবনা ও রাজশাহী থেকে আরও কয়েকটি ইউনিট এসে তাদের সঙ্গে যোগ দেয়। দুপুর ১২টা থেকে দুইটা পর্যন্ত ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের শতাধিক কর্মী ও জুট মিলের কয়েক শ কর্মী একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর মধ্যে জুট মিলের প্রায় সব পাট ও পাটজাত পণ্যসহ মেশিনপত্র পুড়ে গেছে।


দুপুরে একটার দিকে সরেজমিন ওই কারখানায় গিয়ে দেখা যায়, কারখানাজুড়ে পুড়ে যাওয়া পাট এবং পাটের তৈরি বস্তা ও দড়ি ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। তখনো কারখানার বিভিন্ন দেয়াল ভেঙে ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন।


জুট মিলের মালিক শ্যাম সুন্দর আগরওয়ালা জানান, প্রায় তিন একর জমির ওপর তিনি কারখানাটি গড়ে তুলেছেন। তিন শিফটে প্রায় সাড়ে চার শ শ্রমিক-কর্মচারী এখানে কাজ করেন। সকালে হঠাত্ করে কারখানায় আগুন ধরে যায়। ‘আমরা স্থানীয় ফায়ার সার্ভিসকে তাত্ক্ষণিক খবর দিয়েছিলাম। তাঁরা ৪৫ মিনিট চেষ্টার পর অন্য ইউনিটগুলোকে খবর দেয়। ঘটনার সাথে সাথে অন্য ইউনিটগুলোকে খবর দিলে হয়তো ক্ষয়ক্ষতি কম হতো।’ তিনি আরও বলেন, ‘সবকিছু তদন্ত না করে পুরো ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে না। তবে ধারণা করছি প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। আমার সারা জীবনের সাধনা ছিল এই মিলটি। আজ মুহূর্তে সব শেষ হয়ে গেল।’


নাটোর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আক্তার হোসেন বলেন, ‘খবর পাওয়ামাত্র আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে শুরু করেছি। তবে আগুনের ভয়াবহতা এত বেশি ছিল যা আমাদের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না। পরে আশপাশের জেলা থেকে দমকল কর্মীরা এসে আমাদের সহযোগিতা করেছে।’