পুড়ে গেছে বই খাতা, স্কুলে যাচ্ছে না শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার উজিয়াল প্রামাণিকপাড়া গ্রামের পলাশ শীল এবার জেএসসি পরীক্ষার্থী। ছয় মাস পর তার পরীক্ষা। কিন্তু অগ্নিকাণ্ডে পুড়ে গেছে তার বই-খাতা ও কাগজ-কলম। 

শুধু পলাশ নয়, একই গ্রামের ১৩টি পরিবারের স্কুলগামী ১৪ শিক্ষার্থীর বই-খাতা আগুনে পুড়ে গেছে। বইপত্রের অভাবে শিশুরা স্কুলে যাচ্ছে না। ১৫ এপ্রিল দিবাগত রাত সাড়ে তিনটায় একটি গোয়ালঘরে দেওয়া মশা তাড়ানোর তুষের আগুন মুহূর্তে আশপাশে ছড়িয়ে পড়ে। এ অগ্নিকাণ্ডে ৩৫টি ঘর পুড়ে যায়।

গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, খোলা আকাশের নিচে বসবাস করছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা। মোকন্দ শীলের স্ত্রী জোসনা রানি প্রথম আলোকে বলেন, ‘আমার দুই ছেলেমেয়ে স্কুলে পড়ে। বই-খাতার অভাবে শিশুরা স্কুলে যেতে পারছে না।’

জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিপিকা দত্ত বলেন, খোঁজ নিয়ে বই সংগ্রহ করে শিক্ষার্থীদের দেওয়া হবে। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আযম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাৎক্ষণিকভাবে এক বান্ডিল করে টিন, এক বস্তা চাল ও কম্বল দেওয়া হয়। আরও বরাদ্দের জন্য জেলা প্রশাসকের কাছে ক্ষতিগ্রস্তদের তালিকা পাঠানো হয়েছে।