পুড়ে ছাই
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আটটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্রসহ প্রায় ১১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানিয়েছেন। গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের বখশিরখীল এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ওই এলাকার আহমদ নূরের রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে পাশের অন্য বসতঘরগুলোতে ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত বসতঘরের মালিকেরা হলেন ইউসুফ আলী, নুরুল ইসলাম, নওশা মিয়া, আবদুস সাত্তার, হাবিবুর রহমান, মো. শাহাবউদ্দীন, আহমদ নূর ও আহমদ হোসেন। সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে।