
হরতালের পিকেটিং বলতে এখন যেন চোরাগোপ্তা আগুন, ককটেল আর পেট্রলবোমা হামলা। হরতালের নামে গত ২৪ ঘণ্টায় এই অবিশ্বাস্য নাশকতায় ১৭ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে পুড়ে গেছে ১১ জনের শরীর।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রতিদিন যেন নতুন নতুন আর্তনাদকারী যুক্ত হচ্ছেন। পোড়া রোগীর পাশে জবুথবু স্বজন, চোখে পানি। এ এক অসহ্য পরিবেশ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, গত ২৬ অক্টোবর থেকে গতকাল সোমবার ১১ নভেম্বর রাত নয়টা পর্যন্ত রাজধানী ও এর বাইরে অন্তত ৬২ জন আহত ও দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে শিশু-কিশোর ১১ জন। মারা গেছেন দুজন। গতকাল পর্যন্ত বার্ন ইউনিটে ভর্তি আছেন ১৭ জন। আহত ব্যক্তিদের অধিকাংশই হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষ।

লেগুনায় আগুন, সংকটাপন্ন মন্টু: গত রোববার রাত ১০টার দিকে পুরান ঢাকার লক্ষ্মীবাজারে যাত্রীবাহী লেগুনায় পেট্রলবোমা ছুড়ে মারেন হরতালকারীরা। এতে লেগুনার যাত্রী মন্টু পাল (৩২), কামাল হোসেন (৩৫), মিন্টু দাশ (১৮), সাগর দাশ (১৮) ও মোক্তার কুমার (২৫) দগ্ধ হন। তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হন মোক্তারের ভাবি স্বপ্না মণ্ডল ও নিকটাত্মীয় সজীব। আহত ব্যক্তিদের মধ্যে মন্টু, কামাল ও মোক্তার ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। বাকিরাও প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে মন্টুর অবস্থা সংকটাপন্ন।
বার্ন ইউনিটের চিকিৎসক পার্থ শংকর পাল সাংবাদিকদের বলেন, মন্টু পালের শরীরের ৯০ ভাগ পুড়ে গেছে। তাঁর বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। তাঁকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
গতকাল বার্ন ইউনিটের আইসিইউতে গিয়ে দেখা যায়, মন্টুর সারা শরীর পুড়ে কালো হয়ে গেছে। পাশে শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছেই চলেছেন স্ত্রী সঞ্জু রানী পাল। তিনি প্রথম আলোকে বলেন, পুরান ঢাকার তাঁতীবাজারের একটি সোনার দোকানের কারিগর মন্টু। কাজ থাকলে ওই দোকানে থাকেন। কয়েক দিন পর পর নারায়ণগঞ্জের ফতুল্লার কামালপুর পাগলার ভাড়া বাসায় যান। রোববারও সদরঘাট থেকে ওই লেগুনায় উঠে বাসায় ফিরছিলেন তিনি। রোববার রাতে তাঁকে (সঞ্জু) ফোন করে মন্টু শুধু এটুকুই বলেছেন, ‘আমি শ্যাষ হইয়া গেছি।’
স্বজনেরা জানান, তিন বছর আগে জন্মের তিন দিন পর মারা যায় মন্টু দম্পতির সন্তান। সেই শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি এই দম্পতি। এর মধ্যে এ ঘটনা পুরো পরিবারকে ঠেলে দিয়েছে দুর্বিষহ যন্ত্রণায়।

একই হামালায় পুড়েছে মোক্তার কুমারের শরীর। তাঁর শরীরের ১৫ ভাগ পুড়ে গেছে। সূত্রাপুরে আত্মীয়র বাসায় বেড়াতে এসেছেন তিনি।
মোক্তার প্রথম আলোকে জানান, তিনি নারায়ণগঞ্জের পঞ্চবটীতে রড তৈরির একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। কিছুদিন আগে সূত্রাপুরের মালেকাটোলায় ভাইয়ের বাসায় বেড়াতে এসেছিলেন তিনি। রোববার এক আত্মীয়কে লঞ্চে উঠিয়ে দিয়ে তাঁরা তিনজন সূত্রাপুরের বাসায় ফিরছিলেন।
মোক্তারের পাশের বেডে যন্ত্রণায় কাতরাচ্ছেন কামাল হোসেন। তিনিও ওই লেগুনার যাত্রী। বিকেলে চোখ বন্ধ করে নীরবে জ্বালাপোড়া সওয়ার চেষ্টা করছিলেন। আগুনে দগ্ধ হয়ে তাঁর মুখের বাঁ পাশ বীভৎস হয়ে উঠেছে। তাঁর শরীরের চার ভাগের এক ভাগ পুড়ে গেছে।
স্বজনেরা জানান, সদরঘাটে শরীফ মার্কেটে দরজির কাজ করেন কামাল। রোববার রাতে লেগুনায় করে সূত্রাপুরের শাখাইল নগর লেনের বাসায় ফিরছিলেন তিনি। তাঁর দুই শিশুসন্তান ও স্ত্রী আছে।
বাধ্য হয়ে কাজে গিয়ে পুড়ল মিলন: রোববার রাতে ধানমন্ডি ১৫ নম্বর এলাকায় যাত্রীবেশে ওঠা কয়েকজন একটি লেগুনায় আগুন ধরিয়ে দেয়। এতে লেগুনার চালকের সহকারী ১২ বছরের শিশু মো. মিলন দগ্ধ হয়। মিলন পরিবারের সঙ্গে মোহাম্মদপুরে শিয়া মসজিদসংলগ্ন এলাকায় থাকে। বাবা আমানুল্লাহ রিকশাচালক ও মা জাহানারা বেগম বাসাবাড়িতে কাজ করেন।
বার্ন ইউনিটে মিলন প্রথম আলোকে বলে, ‘হরতালের ভয়ে কাজে যাইতে চাই নাই। চালক বাবুল আমারে জোর কইরা নিয়া যায়।’
বার্ন ইউনিটের চিকিৎসক পার্থ শংকর পাল বলেন, ‘শিশুদের ১০ ভাগ দগ্ধ হলেই আমরা আশঙ্কাজনক বলি। মিলনের শরীরের ১৭ ভাগ পুড়ে গেছে।’

আহত আরও ছয়জন: গতকাল বেলা একটার দিকে হাজারীবাগের বিজিবির ২ নম্বর গেট-সংলগ্ন এলাকায় একটি পিকআপ ভ্যানের গতি রোধ করে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন হরতালকারীরা। এতে ভ্যানের চালকের সহকারী মো. সুমন (২০) দগ্ধ হন। সামান্য দগ্ধ হন চালক সাহাবউদ্দিন। ১৫ ভাগ দগ্ধ অবস্থায় সুমন বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
সুমন প্রথম আলোকে বলেন, চার ভাইয়ের মধ্যে তিনি বড়। নোয়াখালীতে বাবা টুকটাক ব্যবসা করলেও তেমন আয় নেই। তাই বেশ কয়েক বছর ধরে চালকের সহকারীর কাজ করছেন। এখন চিকিৎসার খরচ নিয়ে দুশ্চিন্তায় আছেন তিনি।
গতকাল সকাল সাড়ে সাতটার দিকে কেরানীগঞ্জের আমিরাবাদ এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন ধরিয়ে দেন হরতালকারীরা। এতে চালক ইয়াকুব মিয়া (২৮) দগ্ধ হন। বার্ন ইউনিট থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তিনি।
রোববার রাত সাড়ে আটটার দিকে মিরপুরের কালসীতে মিরপুর-উত্তরা রুটে চলাচলকারী একটি বাসে পেট্রলবোমা ছুড়ে মারেন হরতালকারীরা। এতে সাগর মাহমুদ (২২) নামের পোশাক কারখানার একজন কর্মী দগ্ধ হন। তাঁর শরীরের ১০ ভাগ পুড়ে গেছে। তিনিও বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
রোববার রাতে গাজীপুরের কালিয়াকৈর এলাকায় ট্রাকে হরতালকারীরা পেট্রলবোমা ছুড়ে মারলে চালক গিয়াস উদ্দিনের (২৮) ডান হাতের পুরোটাই ঝলসে যায়। তিনিও ভর্তি হয়েছেন বার্ন ইউনিটে।
ককটেলে আহত ছাত্র ও ছাত্রলীগ নেতা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, রাজধানীর জিরো পয়েন্টে গতকাল বেলা একটার দিকে সরকারদলীয় সাংসদের মিছিলে দুটি ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সূত্রাপুর থানার ৪২ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য সাদ্দাম হোসেন (২৫) এবং লক্ষ্মীবাজার ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র রিয়াজ উদ্দিন (১৩) আহত হয়। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা দেওয়া হয়েছে।
সূত্রাপুরের থানার স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ফয়সাল আহমেদ সাংবাদিকদের জানান, ঢাকা-৬ আসনের সাংসদ মিজানুর রহমান খান মিছিল নিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মনোনয়নপত্র আনতে যাচ্ছিলেন।
সর্বশেষ গতকাল রাত নয়টার দিকে উত্তরা মাসকট প্লাজার সামনে ককটেল বিস্ফোরণে আহসান আহমেদ ও আফরোজা আক্তার নামের এক দম্পতি আহত হয়েছেন। তাঁরা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন।
আহসান সাংবাদিকদের জানান, তাঁরা উত্তরা ১১ নম্বর সেক্টরে থাকেন। গতকাল রাত পৌনে নয়টার দিকে মাসকট প্লাজার সামনে এক বন্ধুর জন্য অপেক্ষা করছিলেন। তখনই কে বা কারা তাঁদের সামনে ককটেল ছুড়ে মারে।
যোগাযোগ করা হলে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘মানুষের মৃত্যু যাঁদের স্পর্শ করছে না, তাঁদের কাছ থেকে আমরা গণতন্ত্র কীভাবে আশা করতে পারি?’ তিনি বলেন, হরতাল ও সহিংসতা এক বিষয় নয়। বিষয়টি সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত করে তার আইনি প্রয়োগের জন্য এখনই বিচার বিভাগীয় হস্তক্ষেপ দরকার।