পুড়েছে খবিরের ৯৭০ টাকাও

বাবা খবির উদ্দিনের পাশে পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছিল ১৪ মাস বয়সী মরিয়ম। খবির উদ্দিন কাতরাচ্ছিলেন যন্ত্রণায়। গত মঙ্গলবার দুপরে ঢাকার যাত্রাবাড়ীর রায়েরবাগে মিনিবাসে হরতাল-সমর্থকদের আগুনে দগ্ধ হন তিনি। তাঁর দুই হাত, বুক ও পিঠ কেবল পোড়েনি, যে কয়টি টাকা পকেটে ছিল, তা-ও পুড়ে যায়। পরে টাকা জোগাড় করে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হন ফুটপাতের এই সবজিবিক্রেতা।
খবিরের চিন্তা তাঁর সন্তানদের নিয়ে। জেএসসি পরীক্ষার্থী বড় মেয়েসহ বাকি তিন মেয়েকে রেখে এসেছেন প্রতিবেশীর কাছে। স্ত্রী ও ছোট মেয়ে মরিয়মকে নিয়ে হাসপাতালে আছেন হতদরিদ্র এই ব্যক্তি।
গতকাল বুধবার রাজধানীর চকবাজারে ককটেলে আহত এক নারী ভর্তি হয়েছেন ঢাকা মেডিকেলে। গত ১৯ দিনে হরতালে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও পেট্রলবোমায় দুজন নিহত ও ৭৬ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন প্রতিবন্ধী ও ১৩ জন শিশু। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রতিষ্ঠাতা পরিচালক সামন্ত লাল সেন জানান, গতকাল সকালে ওই হাসপাতালে হরতালে দগ্ধ ২৩ জন ভর্তি ছিলেন।
টাকাও পুড়ে গেছে খবিরের: চিটাগাং রোডের ফুটপাতের সবজিবিক্রেতা খবির উদ্দিন গত মঙ্গলবার রায়েরবাগে কমল পরিবহনের যাত্রী ছিলেন। হরতাল-সমর্থকেরা বাসে আগুন দিলে খবিরসহ নয়জন দগ্ধ হন। এঁদের মধ্যে আটজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবির তাৎক্ষণিকভাবে ভর্তি হতে পারেননি। পোড়া শরীর নিয়ে তাঁকে বাড়ি ফিরে যেতে হয়েছে। কারণ, তাঁর কাছে হাসপাতালে যাওয়ার টাকা ছিল না। খবির উদ্দিন বলেন, ‘প্যান্টের পকেটে ছিল ৯৭০ টাকা। তা-ও পুড়ে গেছে।’
চার মেয়ের বাবা খবির থাকেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে। চিকিৎসকেরা জানান, খবিরের শরীরের ১৬ শতাংশ পুড়ে গেছে।
খবির জানান, যন্ত্রণা সহ্য করতে না পেরে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হন তিনি। ওই ইউনিটের চারতলায় এই প্রতিবেদকের সঙ্গে কথা বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন তিনি। পাশে থাকা স্ত্রী অসুস্থ স্বামীর চোখের পানি মুছে দিচ্ছিলেন।
স্ত্রী তানিয়া বেগম বলেন, ‘শেষ আয়ের টাকাটাও পুড়ে গেছে। সংসারের খরচ জোগাতে হরতালের মধ্যেও ওকে পাঠিয়েছিলাম দোকানদারি করতে। ক্যান যে পাঠালাম।’
গতকাল দুপুরে সেবিকা পরামর্শ দেন খবিরকে দিনে চারটা ডিম, টক ফল, ডাবের পানি খাওয়াতে। কিন্তু টাকার অভাবে স্বামীকে কিছুই খাওয়াতে পারেননি তানিয়া বেগম।
অগ্নিদগ্ধ অন্যদের অবস্থা: বার্ন ইউনিটের একজন চিকিৎসক জানান, গত মঙ্গলবার রায়েরবাগে বাসে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ আটজনের মধ্যে তিনজন কিছুটা সুস্থ হয়ে বাসায় গেছেন। তাঁরা হলেন রাবেয়া সুলতানা, আবু বক্কর সিদ্দিক ও আবদুল হাই। বার্ন ইউনিটের চারতলায় চিকিৎসাধীন আছেন আবদুল মান্নান, মো. শুভ, তারেক আহমেদ, আবুল কালাম আজাদ ও আবদুর রহিম।
শারীরিক প্রতিবন্ধী আবদুল মান্নানের স্ত্রী সাথী আক্তার বসে ছিলেন মাথায় হাত দিয়ে। নিঃসন্তানহীন এ দম্পতির ২৫ বছরের সংসারে এমন বিপর্যয় আগে আসেনি। হাসপাতালে স্বামী আবদুল মান্নানের পাশে নির্বাক বসে আছেন।
আবুল কালাম আজাদের মেয়ে কামরুন নাহার বাবার হাত ধরে রেখেছিলেন। যন্ত্রণায় বাবা হাত নাড়াতে পারছেন না। তাই ঘুমিয়ে থাকা বাবার হাত ধরে রেখেছেন তিনি। কামরুন নাহার বলছিলেন, ‘খুব জ্বর হলেও আব্বা শুয়ে থাকে না, আর এখন তো আব্বা চোখ খুলতেই পারতাছে না।’
হরতালের আগুনে দগ্ধ তারেক আহমেদ, আবদুর রহিম ও মো. শুভকে ঘুমিয়ে থাকতে দেখা যায়।
চিকিৎসক পার্থ শঙ্কর পাল জানান, আহতদের অবস্থা আজ একটু ভালো। তিনজন বাড়িতে চলে গেছেন। তারেক আহমেদকে কালই (আজ) বাসায় নিয়ে যাওয়া যায়। আবুল কালামের অবস্থা একটু বেশি খারাপ।
ককটেলে আহত বৃদ্ধা: চকবাজারের খাজে দেওয়ান গলিতে হরতাল-সমর্থকদের ফেলে রাখা ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন সফুরা বেগম (৫৫)। গতকাল ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ভর্তি হয়েছেন তিনি। তাঁর ছোট মেয়ে আসমা জানান, ‘বাসার জানালা দিয়ে নাতির ফেলে দেওয়া টেলিভিশনের রিমোট কন্ট্রোল কুড়িয়ে আনতে বাসার নিচে রাস্তায় নেমেছিলেন তিনি। পলিব্যাগ সরাতেই বিকট আওয়াজে ককটেলটি বিস্ফোরিত হয়। এতে আহত হন তাঁর মা।’