পুণ্ড্র ডিবেটিং ক্লাব চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জঙ্গিবাদ মোকাবিলায় সরকার সফল হয়েছে’ বিষয়টি নিয়ে সরকারি ও বিরোধী দলের পক্ষে-বিপক্ষে জমে উঠেছিল তুমুল বিতর্ক। বিরোধী দলের সদস্যরা বলছিলেন, এই ইস্যু মোকাবিলায় জাতীয় ঐক্য গড়তে পারেনি, তাই সরকার ব্যর্থ। অন্যদিকে সরকারি দলের সদস্যরা বলছিলেন, শুধু জঙ্গি দমন অভিযানে নয়; জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত গঠনেও সরকার সফল। জঙ্গিবাদকে সর্বস্তরের মানুষ ঘৃণা করে। সরকার ও বিরোধী দলের সদস্যদের পাল্টাপাল্টি যুক্তি শেষে বিচারকেরা বিরোধী দলের সদস্যদের বিজয়ী ঘোষণা করেন।
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে গতকাল শনিবার জাতীয় সংসদ অধিবেশনের আদলে এই সংসদীয় বিতর্ক হয়। সরকারি আজিজুল হক কলেজের পুণ্ড্র ডিবেটিং ক্লাব আন্তকলেজ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিযোগিতার তিনটি রাউন্ডের মধ্যে প্রথমে ‘জঙ্গিবাদ মোকাবিলায় সরকার সফল হয়েছে’—এই বিষয়ের বিতর্কে বগুড়ার সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের শিক্ষার্থীরা সরকারি দল এবং আজিজুল হক কলেজের পুণ্ড্র ডিবেটিং ক্লাব বিরোধী দল হিসেবে যুক্তি উপস্থাপন করে। এতে পুণ্ড্র ডিবেটিং ক্লাবকে বিজয়ী ঘোষণা করা হয়।
দ্বিতীয় রাউন্ডের বিষয় ছিল ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়গুল­ো শিক্ষার বাণিজ্যিকীকরণ করছে’। সরকারি শাহ সুলতান কলেজের শিক্ষার্থীরা সরকারি দল এবং সৈয়দ আহমদ বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা বিরোধী দলের পক্ষে বিতর্কে অংশ নেন। এ পর্বের যুক্তি শেষে সৈয়দ আহমদ বিশ্ববিদ্যালয় কলেজকে বিজয়ী ঘোষণা করেন বিচারকেরা।
চূড়ান্ত পর্বে ‘দারিদ্র্য বিমোচন নয়; তথ্যপ্রযুক্তির উত্তরণ আমাদের প্রধান চ্যালেঞ্জ’ শীর্ষক বিষয়ের পক্ষে সরকারি দল হিসেবে সরকারি আজিজুল হক কলেজের পুণ্ড্র ডিবেটিং এবং সৈয়দ আহমদ কলেজ বিরোধী দলের পক্ষে বক্তব্য দেয়। সরকারি আজিজুল হক কলেজের পুণ্ড্র ডিবেটিং ক্লাবকে চ্যাম্পিয়ন এবং সৈয়দ আহমদ বিশ্ববিদ্যালয় কলেজকে রানার্সআপ ঘোষণা করা হয়। বিজয়ী ও চ্যাম্পিয়ন দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ সামস্-উল আলম।