পুণ্যতীর্থ বারুণী স্নান আজ
হিন্দু সম্প্রদায়ের পুণ্যতীর্থ বারুণী স্নান আজ শুক্রবার সকালে শুরু হচ্ছে। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নে শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জন্মস্থান রাজাগাঁও (নবগ্রাম) সংলগ্ন যাদুকাটা নদীতে এ পুণ্যস্নান অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) ও অদ্বৈত প্রভুর জন্মধাম সংস্কার কমিটি কর্তৃক প্রকাশিত প্রচারপত্র ও এ উপলক্ষে স্থাপিত তথ্যকেন্দ্র থেকে জানা যায়, এ বছর স্নানের সময় হচ্ছে শুক্রবার সকাল আটটা ০৯ মিনিট ৫১ সেকেন্ড থেকে নয়টা ২০ মিনিট ১০ সেকেন্ড পর্যন্ত। শ্রীশ্রী অদ্বৈত আচার্য জন্মধাম সংস্কার, সংরক্ষণ ও পরিচালনা কমিটির সভাপতি যোগানন্দ গোস্বামী জানান, হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটি একটি অন্যতম শ্রেষ্ঠ তীর্থ।এখানে ভক্তরা স্নান ও তর্পণ করেন। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, প্রতিবছর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশীতে যাদুকাটা নদীর এই স্থানে সপ্ততীর্থ গঙ্গা, যমুনা, গদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু ও কাবেরীগণের আগমন ঘটে, তাই এ সময় বারুণী স্নান হয়ে থাকে। তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হক জানান, সড়ক ও নৌপথে যোগাযোগব্যবস্থা ভালো না হলেও ইতিমধ্যেই দেশ ও দেশের বাইরের লক্ষাধিক লোকের সমাবেশ ঘটেছে যাদুকাটা তীরের এ স্থানটিতে। শ্রীশ্রী অদ্বৈত আচার্য জন্মধাম সংস্কার, সংরক্ষণ ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নিখিল রঞ্জন রায় বলেন, পুণ্যার্থীদের স্নানের সুবিধার্থে নদীতীরে কোনো ঘাট নির্মাণ করা হয়নি, নেই স্নানের পর পোশাক পরিবর্তনের জন্য কোনো ব্যবস্থা। তাঁরা এ জন্য সরকারি সহযোগিতার দাবি জানান।তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বারুণী স্নান নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।