পুণ্যস্নানে এসে নৌকা ডুবে তরুণের মৃত্যু
পঞ্চগড়ের বোদা উপজেলায় নৌকা ডুবে এক তরুণের মৃত্যু হয়েছে। উপজেলার বোয়ালমারী এলাকায় করতোয়া নদীতে শুরু হওয়া সনাতন ধর্মাবলম্বীদের তিন দিনব্যাপী বারুণী স্নানোৎসবে যোগ দিতে আসছিলেন ওই তরুণ। গত রোববার রাত নয়টায় ফায়ার সার্ভিসের ডুবুরিরা দীর্ঘ চেষ্টার পর নদী থেকে ওই তরুণের লাশ উদ্ধার করেন।
নৌকা ডুবে মারা যাওয়া তরুণের নাম বঙ্কিমচন্দ্র রায়। তিনি দিনাজপুরের কাহারোল উপজেলার ডাবর ইউনিয়নের সংকর গ্রামের অখিলচন্দ্র রায়ের ছেলে। তিনি বাক্প্রতিবন্ধী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, রোববার বিকেলে বাক্প্রতিবন্ধী ওই তরুণ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বারুণী স্নানোৎসবে যোগ দিতে আসেন। পরে তাঁরা স্নান করার জন্য নৌকায় করে এক পাড় থেকে অন্য পাড়ে যাচ্ছিলেন। তখন অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকাটি মাঝনদীতে ডুবে যায়। এ সময় অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও বঙ্কিমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে স্থানীয় লোকজন নদীতে নেমে বঙ্কিমের খোঁজ করতে থাকেন। খবর পেয়ে বোদা ফায়ার সার্ভিস ও রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরিদের দুটি দল সন্ধ্যা থেকে রাত নয়টা পর্যন্ত অভিযান চালিয়ে ওই তরুণের লাশ উদ্ধার করে।
বোদা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম নৌকা ডুবে বাক্প্রতিবন্ধী তরুণের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রংপুর থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই তরুণের লাশ উদ্ধার করে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নুরুল ইসলাম বলেন, ওই তরুণের লাশ গতকাল সোমবার রাতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিবারের মতো এবারও উত্তরাঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত সনাতন ধর্মাবলম্বী কয়েক লাখ পুণ্যার্থী ও ভক্ত করতোয়া নদীর উত্তর-স্রোতের এই অংশে স্নানোৎসবে অংশ নিচ্ছেন। রোববার থেকে শুরু হওয়া এই স্নানোৎসব শেষ হবে আজ মঙ্গলবার।