পুণ্যস্নানে গিয়ে ব্রহ্মপুত্রে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে অষ্টমীর পুণ্যস্নান করতে গিয়ে পানিতে ডুবে অন্তর চন্দ্র দাস নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে ময়মনসিংহ শহরসংলগ্ন ব্রহ্মপুত্র নদের জুবলীঘাটে এ ঘটনা ঘটে।
অন্তর চন্দ্র দাস শহরের নওমহল এলাকার রঞ্জন চন্দ্র দাসের ছেলে। সে শহরের মুকুল নিকেতন উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
ফায়ার সার্ভিস ও নিহত অন্তরের স্বজনদের সূত্রে জানা যায়, সকাল নয়টার দিকে অন্তর তার মা-বাবার সঙ্গে জুবলীঘাটে পুণ্যস্নান করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় স্বজনেরা। ফায়ার সার্ভিসের সদস্যরা এক ঘণ্টা চেষ্টার পর অন্তরের মৃতদেহ উদ্ধার করেন।