পুণ্যস্নানের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রাস উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস উৎসব আজ রোববার শেষ হচ্ছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পুণ্যার্থীরা সূর্য দেবতাকে প্রণাম জানাতে নেমে পড়বেন পুণ্যস্নানে। পরে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনব্যাপী এই উৎসবের। এবারের উৎসবে কুয়াকাটা সমুদ্রসৈকত ও সুন্দরবনের দুবলারচরে লাখো মানুষের ঢল নামে। দেশি-বিদেশি পুণ্যার্থী ও দর্শনার্থীর পদচারণে মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ।প্রত্যক্ষদর্শীরা জানান, শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসবে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ কুয়াকাটায় সমবেত হন। গতকাল শনিবার সন্ধ্যার আগেই লোকে লোকারণ্য হয়ে ওঠে সৈকত।এবারের রাস উৎসব ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশালের বিভাগীয় কমিশনার আবু হেনা মো. রহমাতুল মুনিম। গতকাল রাতভর চলে নামকীর্তন, পদাবলি ও পূজা-অর্চনাসহ নানা অনুষ্ঠান। গান পরিবেশন করেন দেশের প্রখ্যাত শিল্পীরা।রাস উৎসবে আসা খুলনার মিলনানেন্দু চৌধুরী বলেন, ‘শত বছরের এ উৎসবে যোগ দেওয়ার দীর্ঘদিনের ইচ্ছা এবার পূর্ণ হয়েছে।’ যুক্তরাষ্ট্র থেকে আসা মিসেস টেমি বলেন, ‘কুয়াকাটার কথা অনেক শুনেছি। এখানে এসে এ উৎসবে যোগ দিতে পেরে ভালো লাগছে।’কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত আলী জানান, রাস উৎসবে আগত পুণ্যার্থী ও পর্যটকদের নিরাপত্তায় এবার কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।সুন্দরবনের সাগরপারের দুবলারচরে রাস উৎসবেও হাজার হাজার পুণ্যার্থী ও দর্শনার্থী এসেছেন। পুণ্যার্থীরা বঙ্গোপসাগরে পুণ্যস্নান করেন। রাস উৎসবের মেলায় বসেছে শতাধিক দোকানপাট। আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। মেলার আয়োজক কমিটির সদস্য দুবলা ফিশারম্যান গ্রুপের চেয়ারম্যান মেজর (অব.) জিয়াউদ্দিন আহম্মেদ জানান, মেলায় আগত পুণ্যার্থী ও দর্শনার্থীদের নিরাপত্তায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।