পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো রাস উৎসব
গতকাল বৃহস্পতিবার সমুদ্রসৈকত কুয়াকাটায় তিন দিনব্যাপী রাস উৎসব শেষ হয়েছে। উৎসব উপলক্ষে সৈকতে প্রত্যুষ থেকে জড়ো হতে থাকেন হাজার হাজার হিন্দু নারী-পুরুষ। সূর্য ওঠার পর পুণ্যার্থীরা সূর্যকে প্রণাম জানিয়ে উলুধ্বনি দিয়ে সাগরে পুণ্যস্নানে নেমে পড়েন। এ সময় পুণ্যার্থীরা মোম ও আগরবাতি জ্বালিয়ে অর্ঘ্যদান করেন গঙ্গাদেবীকে। এর পর তাঁরা সৈকতে পালন করেন নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান।মঙ্গলবার থেকে কুয়াকাটায় রাস উৎসব উপলক্ষে মেলা বসে। এ উৎসব ঘিরে কুয়াকাটার ১৮ কিলোমিটার দীর্ঘ সৈকত দেশি-বিদেশি পুণ্যার্থী ও পর্যটকদের পদচারণে মুখর হয়ে ওঠে। এ ছাড়া রাস মেলায় আলোচনা সভাসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বুধবার রাতে রাস উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনায় অংশ নেন পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান, পটুয়াখালী জেলা প্রশাসক গোলাম মো. হাসিবুল আলম, পুলিশ সুপার মো. আজাদ মিয়াসহ প্রশাসনের কর্মকর্তারা।কুয়াকাটা রাধাকৃষ্ণ সেবাশ্রম মন্দিরের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় এ রাস উৎসব ও মেলা। রাস উৎসব উপলক্ষে সৈকতে তিন দিনব্যাপী মেলায় রকমারি পণ্যের পসরা বসে। মেলার দোকানি বরগুনার সুলতান মিয়া জানান, এবার লোকসমাগম ও বিক্রি মোটামুটি। মেলায় পাঁচ শতাধিক অস্থায়ী দোকান বসেছিল।