পুণ্যার্থী ও ভিক্ষুদের মিলনমেলায় কঠিন চীবরদান শুরু
বান্দরবানে হাজারো পুণ্যার্থীর সমাগমে গতকাল মঙ্গলবার থেকে বোমাং রাজবিহার ও জেলা শহরের প্রাচীনতম উজানীপাড়া কিয়াংয়ে বৌদ্ধধর্মাবলম্বীদের কঠিন চীবরদান উৎসব শুরু হয়েছে। পাহাড় ও সমতলের পুণ্যার্থী এবং বৌদ্ধ পুরোহিতদের মিলনমেলা হয়ে ওঠা এ উৎসব আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত চলবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।চীবর বুনন ও দান ছাড়াও ফানুস ওড়ানো, হাজার বাতি প্রজ্বালন, তিন শতাধিক ভিক্ষুসংঘের পিণ্ডাচরণ (আহার ভিক্ষা গ্রহণ), ধর্মীয় দেশনা, আলোচনা সভাসহ বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বৌদ্ধ সম্প্রদায়ের এ উৎসব হয়ে থাকে। জেলা শহরের উজানীপাড়া কিয়াংয়ে গতকাল সকাল আটটায় চীবরদান অনুষ্ঠান শুরু হয়। এতে মিয়ানমারের রাষ্ট্রদূত উ মিউ মিন্ট থান, বোমাং রাজা ক্য সাইন প্রু চৌধুরীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উৎসব উপলক্ষে গত সোমবার রাতে মারমাদের ঐতিহ্যবাহী ধর্মীয় নাটক পাংখুং মঞ্চস্থ করেন মারমা শিল্পীরা। সকাল নয়টায় আদিবাসী ও সমতলের বৌদ্ধ নারীরা কঠিন চীবর বুননের কাজ শুরু করেন। জুমচাষে উৎপাদিত তুলা থেকে সুতা তৈরি করে কোমরতাঁতে এ বুননের কাজ করা হয়। মারমা, ম্রো, চাকমা, তঞ্চঙ্গ্যা, খিয়াং, চাক ও বড়ুয়া নারীরা থানচি, রোয়াংছড়ি, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, লামাসহ বিভিন্ন দুর্গম এলাকা থেকে পুণ্য লাভের জন্য চীবর বুননের কাজ করতে এসেছেন। ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা এবং সুতা থেকে কাপড় বুনে সেলাই করে বৌদ্ধ ভিক্ষুদের দান করাকে কঠিন চীবরদান উৎসব বলা হয়।উৎসব উপলক্ষে আজ সকালে জেলা শহরে মঙ্গল শোভাযাত্রা, চীবরদান ও বিকেলে ধর্মীয় আলোচনা হবে। সন্ধ্যায় হাজার বাতি প্রজ্বালন করাসহ আগামীকাল বৃহস্পতিবার ভিক্ষুরা মহা-পিণ্ডাচরণে বের হবেন। এ ছাড়া প্রতিদিন সন্ধ্যায় ফানুস ওড়ানো হবে।