পুতুল নেবে গো পুতুল...

‘রাজধানীর বিভিন্ন দোকানে যে পুতুল সাজানো থাকে তার তো ম্যালা দাম। আমার ভ্যানের সবচেয়ে বড় পুতুলের দাম মাত্র ৪০০ টাকা। আর নিম্নে ৪০ টাকা দিয়াও পুতুল পাবেন।’
এভাবেই স্বল্প দামের পুতুলের কথা বলছিলেন সালাম শেখ। তিনি বেশ জোর দিয়েই বললেন, দোকানে সাজিয়ে রাখা পুতুল আর তাঁর ভ্যানে রাখা পুতুলগুলোর আকার-আকৃতি একই রকম। সবই বিদেশ থেকে আসে। পার্থক্য শুধু দোকানের পুতুলগুলো ঝকঝকে নতুন, আর তাঁর ভ্যানের পুতুলগুলোর কোনোটা হয়তো একটু ছেঁড়া, কোনোটিতে একটু দাগ লেগেছে। কোনোটির একটি চোখ নেই। এসব কারণে দোকানে এসব পুতুল বিক্রি হয় না। তাঁরা এগুলো এনে রিকশাভ্যানে করে বিক্রি করেন। তবে এই পুতুলগুলো ধোয়া যায়। তাহলেই আবার ঝকঝকে। তবে সবচেয়ে বড় কথা হলো, দোকানে যে পুতুল ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি হয়, ভ্যানে তা পাওয়া যাবে ৪০-৫০ টাকায়।
রাজধানীর কারওয়ান বাজারে বিটিএমসি ভবনের সামনে সালাম পুতুলের ব্যবসা করছেন ১০-১২ বছর ধরে। তিনি জানালেন, এসব পুতুল নিয়ে আসেন চট্টগ্রাম নিউমার্কেটের বিভিন্ন দোকান থেকে। প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত খোলা থাকে। রাতে ভ্যানের পুতুলগুলো পলিথিন দিয়ে মুড়িয়ে রেখে বাড়ি চলে যান সালাম। গতকাল সোমবার বিকেলে সালামের সঙ্গে কথা বলার সময়ই একজন ক্রেতা বেশ বড় একটি পান্ডা পছন্দ করলেন। ওই ক্রেতা গুলশানে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে পান্ডাটি নিয়ে যাবেন। অনেকেই পুতুল কেনেন না, কিন্তু দেখতে ভালো লাগে বলে মাঝে মাঝে ভ্যানের কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন।
সালামের মতে, ব্যবসাটি মন্দ না। বেচাবিক্রি ভালো হলে যে লাভ থাকে তাও মন্দ না। কিন্তু ফুটপাতে বা ভ্যানে ব্যবসা করার কারণে যখন-তখন উচ্ছেদের আতঙ্কের মধ্যে থাকতে হয়। তিনি জানালেন, মধ্য ও নিম্নবিত্ত পরিবারের সদস্যরাই বেশি পুতুল কেনেন। এ ছাড়া যাঁর বাসায় বাচ্চা আছে তাঁরাও দু-একটা কিনে বাড়ি ফেরেন।
সালামের ভ্যানে বর্তমানে প্রায় ৪২ হাজার টাকার পুতুল আছে। পান্ডা, শিম্পাঞ্জি, ভালুক, কচ্ছপ, ডোরেমন, মিকিমাউস, কিটি বলতে গেলে বাচ্চাদের পছন্দ সব পুতুল আছে। পুতুল দিয়ে বানানো পেনসিল বক্স, কাঁধে নেওয়ার ব্যাগও আছে।
সালামের বাবা কাঁচামালের ব্যবসা করেন। তাঁরা দুই ভাই ও চার বোন। সবাই বিয়ে থা করে আলাদা সংসার পেতেছেন। ২৬ বছর বয়সী তরুণ সালাম এখনো বিয়ে করেননি। সালামের পুতুল বিক্রিতে মাঝে মাঝে সাহায্য করেন তাঁর ভাগনে ইমরান হোসেন। শরীয়তপুরের ছেলে কলেজপড়ুয়া ইমরানের মতে, পুতুল বিক্রি করতে ভালোই লাগে।