পুতুলনাচের নামে অশ্লীলতার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শনিবার থেকে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু হচ্ছে। যশোর জেলা প্রশাসনের আয়োজনে ও সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ মেলা হচ্ছে।
এদিকে ইজারার শর্ত ভেঙে মধুমেলায় পুতুলনাচের নামে অশ্লীল নাচের আয়োজন করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যে মেলার মাঠে পুতুলনাচ ও জাদু প্রদর্শনীর জন্য ২২টি প্যান্ডেল নির্মাণ করা হয়েছে।
কেশবপুর নাগরিক সমাজের আহ্বায়ক আবু বকর সিদ্দিকী বলেন, মধুমেলা বাঙালি সংস্কৃতির মেলা। এটিকে ব্যবসায়িক মেলা করার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুতুলনাচ, সার্কাস ও জাদু প্রদর্শনীর মঞ্চে নগ্নতা বন্ধ করার জন্য সরকারের কাছে প্রতিবছরই দাবি জানানো হয়। কিন্তু কোনো কাজ হয় না। এবারও পুতুলনাচের নামে অশ্লীল নাচের আয়োজন করা হয়েছে।
মেলার মাঠটি ইতিমধ্যে ২৪ লাখ টাকায় যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের মালিকানাধীন প্রতিষ্ঠান ফাতেমা এন্টারপ্রাইজকে ইজারা দেওয়া হয়েছে।
ইজারার শর্তে বলা আছে, মেলায় বাণিজ্যিক কোনো কুরুচিপূর্ণ নৃত্য, দৃশ্য, পুতুলনাচ, জুয়া, লটারি, ম্যাজিক শো ও হাউজির আয়োজন বা প্রদর্শন করা যাবে না। এ ছাড়া মেলার মাঠ বা মেলার কোনো অংশ অন্য কোনো ব্যক্তির কাছেও ইজারা (সাব-লিজ) দেওয়া যাবে না। এসব শর্ত ভঙ্গ করে বিভিন্ন ব্যক্তির কাছে উচ্চমূল্যে মেলার মাঠ ও বিভিন্ন ধরনের ব্যবসায়িক অংশ বিক্রি করা হয়েছে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, মধুমেলার চুড়িপট্টি, আসবাবের অংশ ও সাইকেলের গ্যারেজ তিন ব্যক্তির কাছে ইজারা দেওয়া হয়েছে। এ ছাড়া প্রতি রাতে ২২টি পুতুলনাচ ও ম্যাজিক শোর প্যান্ডেল বসানোর জন্য ২২ জনের নামে সাব-লিজ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে, মেলার মূল ইজারাদার আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, পুতুলনাচের জন্য নয়, জাদু প্রদর্শনের জন্য জেলা প্রশাসকের অনুমতি নিয়ে প্যান্ডেল করা হয়েছে। যাঁদের নামে প্যান্ডেল বরাদ্দ দেওয়া হয়েছে, তাঁদের সঙ্গে চুক্তি আছে; তাঁরা কোনো অশ্লীল নাচ বা দৃশ্য দেখাবেন না। এ ছাড়া মেলার মাঠের কিছু অংশ কয়েক ব্যক্তির কাছে ভাড়া দেওয়া হয়েছে।
যশোরের জেলা প্রশাসক (সার্বিক) পারভেজ হাসান বলেন, ‘মেলায় অশ্লীলতা নিয়ে আমরাও শঙ্কিত। এ জন্য মেলার মূল মঞ্চসহ বিভিন্ন জায়গায় ২৪টি ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হয়েছে। অশ্লীলতা ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য দুজন ম্যাজিস্ট্রেটকে মেলায় সার্বক্ষণিক দায়িত্বে রাখা হয়েছে। এ ছাড়া মেলার শর্তসংবলিত একটি চিঠি পুলিশ সুপারকে দেওয়া হয়েছে।’