পুতুলনাচের নামে মেলায় অশ্লীল নাচ
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া আজাদ মেলায় যাত্রা, ভ্যারাইটি শো ও পুতুলনাচের নামে অশ্লীল নাচ-গান পরিবেশনার অভিযোগ পাওয়া গেছে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থীরা ভিড় করছে বলে অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করেছেন। মেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অশ্লীলতার কথা নিশ্চিত করে তা বন্ধের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন।মেলা পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, ঠাকুরগাঁওয়ের রুহিয়া ইউনিয়নে ৯ নভেম্বর থেকে শুরু হয়েছে ৫২তম রুহিয়া আজাদ মেলা। পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন এ মেলার উদ্বোধন করেন। কৃষক লীগের নেতা মো. সাইফুল্লাহ জানান, আগে মেলায় উন্নতমানের গরু-মহিষ কেনাবেচা হতো। মেলা থেকে পছন্দমতো গরু-মহিষসহ বিভিন্ন পশু ক্রয় করতে ভিড় করত বিভিন্ন এলাকার মানুষ। কিন্তু এখন মেলার প্রথম তিন থেকে চার দিনে পশু বিক্রি শেষ হয়ে যায়। আর শুরু থেকে বসে যাত্রা, সার্কাস, পুতুলনাচসহ নানা ভ্যারাইটি শো। রুহিয়া ডিগ্রি কলেজের ছাত্র শহীদুল ইসলাম, নাজমুল হক ও আহসান হাবিব জানান, তাঁদের অনেক সহপাঠী নিয়মিত যাত্রা দেখতে যান। রুহিয়া মহিলা কলেজের ছাত্রী ফেরদৌসী বেগম ও নাজমা আক্তার জানান, সন্ধ্যা হলেই উচ্চ স্বরে মাইকে গান বাজতে থাকে, সেই সঙ্গে বাজে বিভিন্ন বাদ্যযন্ত্র। আর রাত হলেই চলে অশ্লীল নাচ। মেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অনিল চন্দ্র সেন বলেন, ঐতিহ্যবাহী এ মেলায় যাত্রার নামে কোনো ধরনের অশ্লীলতা মেনে নেওয়া হবে না। শুরুর প্রথম কয়েক দিন অশ্লীল নাচ চললেও এখন অপেরার ব্যবস্থাপকদের খোলামেলা নাচ সম্পর্কে নিষেধাজ্ঞা জানিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসক মুহাম্মদ শহীদুজ্জামান জানান, মেলায় অশ্লীলতার অভিযোগ সত্য হলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।