পুত্রবধূ হত্যা মামলায় খান টিপু ও তাঁর স্ত্রীর জামিন
চিকিৎসক শামারুখ মাহজাবীন হত্যা মামলায় ঢাকার জজ আদালত থেকে জামিন পেয়েছেন তাঁর শ্বশুর যশোরের সাবেক সাংসদ ও আওয়ামী লীগের নেতা খান টিপু সুলতান ও শাশুড়ি জেসমিন আরা বেগম।
হাইকোর্টের জামিনের মেয়াদ শেষে গতকাল রোববার খান টিপু সুলতান ও তাঁর স্ত্রী ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে নতুন করে জামিনের আবেদন করেন। বিচারক রুহুল আমিন তাঁদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। এর আগে গত ১৬ নভেম্বর এই দম্পতি হাইকোর্টে আত্মসমর্পণ করে আগাম জামিনের আবেদন করেন। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তাঁদের চার সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছিলেন।
গত ১৩ নভেম্বর খান টিপু সুলতানের ধানমন্ডির বাসভবন থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর পুত্রবধূ শামারুখকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই দিন রাতেই মাহজাবীনের বাবা প্রকৌশলী নুরুল ইসলাম বাদী হয়ে খান টিপু সুলতান, তার স্ত্রী ও ছেলে হুমায়ুন সুলতান সাদাফকে আসামি করে হত্যা মামলা করেন। পরে পুলিশ হুমায়ুন সুলতান সাদাফকে গ্রেপ্তার করে। তিনি এখন কারাগারে আছেন।