পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে মামলা
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গত রোববার ধর্ষণের শিকার গৃহবধূর বাবা বাদী হয়ে মামলাটি করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার স্বরূপকাঠি ইউনিয়নের ওই গৃহবধূর স্বামী চাকরির কারণে বাড়িতে থাকেন না। তিনি (গৃহবধূ) শ্বশুরবাড়িতে বাস করেন। ১৬ মে সকালে তাঁর শাশুড়ি উপজেলার জলাবাড়ী গ্রামে ইট ভাঙার কাজে যান। এ সময় তাঁকে একা পেয়ে শ্বশুর ধর্ষণ করেন। পরে ওই বাড়ির লোকজন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এর মধ্যে প্রতিবেশীরা বিষয়টি জেনে ফেললে তাঁরা গত রোববার স্থানীয় গণমান্য ব্যক্তিদের নিয়ে সালিস বসান। কিন্তু শ্বশুর আত্মগোপন করায় ওই রাতেই থানায় মামলা করেন ওই গৃহবধূর বাবা।
স্বরূপকাঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আল আমিন বলেন, ওই ঘটনায় সালিস ডাকা হলেও এক পক্ষ না আসায় বিচার করা সম্ভব হয়নি।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশ চেষ্টা করছে।